মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত

মালয়েশিয়ার অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতির কারণে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আগামী ৭ ও ৮ ডিসেম্বরের নির্ধারিত ঢাকা সফর স্থগিত করা হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তারা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
ওই সূত্র জানিয়েছে, মালয়েশিয়ার অভ্যন্তরীণ রাজনৈতিক কারণে বাংলাদেশ ছাড়াও আনোয়ার ইব্রাহিমের থাইল্যান্ড সফরও স্থগিত হয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করতে আগামী ৭ ডিসেম্বর দুই দিনের সফরে ঢাকায় আসার কথা ছিল আনোয়ার ইব্রাহিমের।
বৈঠকের আলোচ্যসূচিতে অভিবাসী কর্মী নিয়োগ ও তাদের কল্যাণ, বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি এবং প্রতিরক্ষা সহযোগিতার বিষয়গুলো থাকার কথা ছিল।
গত ২২ নভেম্বর প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে সফরের তারিখ নিশ্চিত করা হয়েছিল।
আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে গত জুনে মালয়েশিয়া সফর করেন তারেক রহমান। দায়িত্ব গ্রহণের পর এটি ছিল তার প্রথম সরকারি বিদেশ সফর।
ভোরের আকাশ/আ.র