সারিয়াকান্দিতে যমুনার ভাঙনে দ্রুত ব্যবস্থা নেওয়ার তাগিদ দিলেন এমপি

বগুড়ার সারিয়াকান্দিতে যমুনা নদীর ভাঙনে ক্ষতিগ্রস্ত হাসনাপাড়া স্পার পরিদর্শন করেছেন বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনের সংসদ সদস্য কাজী রফিকুল ইসলাম। ভাঙনের ক্ষতচিহ্ন সরেজমিনে দেখে স্পার ও সংযোগ সড়ক রক্ষায় দ্রুত প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্ব দেন তিনি।
শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে হাসনাপাড়া স্পারে গিয়ে ধসে যাওয়া অংশ ঘুরে দেখেন সংসদ সদস্য। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত এলাকার বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন। স্থানীয়রা যমুনার প্রবল স্রোতে স্পারের আরও অংশ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা এবং সংযোগ সড়কসহ আশপাশের এলাকার নিরাপত্তা নিয়ে উদ্বেগের কথা তুলে ধরেন।
স্থানীয়রা জানাব, নদীর স্রোতের চাপ বাড়তে থাকায় স্পারের একটি অংশে ভাঙন শুরু হয়। বৃহস্পতিবার ভোরে তা হঠাৎ তীব্র আকার ধারণ করে। একপর্যায়ে স্পারের মাটি ধসে পড়ার পাশাপাশি সৌন্দর্যবর্ধনের জন্য থাকা একটি বড় বটগাছও নদীতে বিলীন হয়ে যায়। এতে স্পারের স্থায়িত্ব নিয়ে নতুন করে শঙ্কা তৈরি হয়েছে।
পরিদর্শনকালে কাজী রফিকুল ইসলাম ক্ষতিগ্রস্ত অংশের পরিস্থিতি দেখে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। ভাঙন যাতে আর ছড়িয়ে পড়তে না পারে, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার তাগিদ দেন তিনি।
স্থানীয়দের দাবি, কেবল বালুভর্তি জিওব্যাগ ফেলে সাময়িকভাবে ভাঙন ঠেকানোর পরিবর্তে স্পারটির স্থায়ী সুরক্ষায় দীর্ঘমেয়াদি ও কার্যকর পরিকল্পনা গ্রহণ করা জরুরি।
তাদের আশঙ্কা, দ্রুত ব্যবস্থা না নেওয়া হলে যমুনার স্রোতে ভাঙন আরও বিস্তৃত হয়ে স্পারসংলগ্ন সড়ক ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো ঝুঁকির মুখে পড়তে পারে।
পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন সারিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার এস এম মিকাইল ইসলাম, বগুড়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মাহমুদ হাসান, সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ আ ফ ম আছাদুজ্জামান, সহকারী কমিশনার (ভূমি) আতিকুর রহমান ও উপ-বিভাগীয় প্রকৌশলী সোহেল রানা।
এ ছাড়া উপস্থিত ছিলেন সারিয়াকান্দি পৌর বিএনপির সভাপতি শাহাদাৎ হোসেন সনি, উপজেলা বিএনপির সাবেক সভাপতি কাজী এরফানুর রহমান রেন্টু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শরিফুল ইসলাম হিরা, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহজাহান হোসেন পল্টনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
ভোরের আকাশ/এনউব