খড়মপুর মাজারের ওরশে জুম্মার নামাযে মুসল্লিদের ঢল

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার খড়মপুরে কল্লা শহীদ (রহ.) মাজারের বার্ষিক ওরশ উপলক্ষে জুমার নামাজে মুসল্লিদের ঢল নেমেছে। স্থানীয়দের পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা হাজার হাজার ভক্ত-আশেকান জুমার নামাজে অংশ নেন।
শুক্রবার (১৪ আগস্ট) সকাল ১০টা থেকেই দেশের বিভিন্ন স্থান থেকে আসা ভক্ত-আশেকানরা মাজার জামে মসজিদে জড়ো হতে শুরু করেন। অনেকে দুই-তিন ঘণ্টা আগেই এসে নামাজের জন্য অপেক্ষা করেন। মসজিদের দু'তলা পূর্ণ হয়ে যাওয়ার পর মাজার চত্বর, মাদরাসা, মার্কেট কাম রেস্ট হাউজের ছাদ, ভিআইপি কক্ষ, ফকিরি আসনসহ আশপাশের বিভিন্ন স্থানে নামাজের ব্যবস্থা করা হয়।
দেখা যায়, মাজার জামে মসজিদের দুতলা মুসল্লিতে কানায় কানায় পূর্ণ হয়ে যাওয়ার পর মাজার শরীফের উঠানে নামাজের জন্য জায়গা করে দেওয়া হয়। সেখানেও স্থান সংকুলান না হওয়ায় যে যেখানে জায়গা পেয়েছেন, সেখানেই নামাজের জন্য দাঁড়িয়ে যান।
জুমার নামাজে স্থানীয় মুসল্লিদের পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্ত থেকে ওরশে আসা ধর্মপ্রাণ মানুষ অংশ নেন। মাজার জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মো. লুৎফর রহমান খান খাদেম ইমামতি করেন। নামাজ শেষে দেশবাসীর সুখ, শান্তি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
মাজার শরীফ পরিচালনা কমিটির সদস্য মো. রুস্তম কামরান খাদেম বলেন, ওরশ উপলক্ষে হাজার হাজার ভক্ত-আশেকান মাজারে এসেছেন। শুক্রবার জুমার নামাজে এলাকার মুসল্লিদের পাশাপাশি দেশের বিভিন্ন স্থান থেকে আসা ধর্মপ্রাণ মানুষ অংশ নেন। মসজিদ, মাজার চত্বরসহ আশপাশে যেখানে জায়গা ছিল, মুসল্লিরা সেখানেই নামাজ আদায় করেছেন। তাঁর ধারণা, প্রায় ২০ হাজার মানুষ জুমার নামাজ আদায় করেছেন।
উল্লেখ্য, গত ১০ আগস্ট থেকে কল্লা শহীদ (রহ.) মাজারের বার্ষিক ওরশ শুরু হয়েছে। আগামী ১৬ আগস্ট পর্যন্ত ওরশ চলবে। ওরশ উপলক্ষে খড়মপুর মাজার ও আশপাশের এলাকায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিনই হাজার হাজার ভক্ত-আশেকান আসছেন। এতে পুরো এলাকায় উৎসবমুখর ধর্মীয় পরিবেশের সৃষ্টি হয়েছে।
ভোরের আকাশ/এনউব