নিউইয়র্কের উদ্দেশে রওনা প্রধান উপদেষ্টা, সঙ্গে বিএনপি-জামায়াত-এনসিপির প্রতিনিধি দল

জাতিসংঘের ৮০তম সাধারণ অধিবেশনে অংশ নিতে ঢাকা থেকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে রওনা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। রবিবার (২১ সেপ্টেম্বর) রাত ১টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি সফরসঙ্গীদের নিয়ে একটি বাণিজ্যিক ফ্লাইটে ঢাকা ছেড়েছেন।
প্রধান উপদেষ্টার সফরে বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপি’র মোট ছয়জন প্রতিনিধি সঙ্গে রয়েছেন। তাদের মধ্যে পাঁচজন একই ফ্লাইটে যাচ্ছেন। তারা হলেন:
- বিএনপির মহাসচিব মিরজা ফখরুল ইসলাম আলমগীর,
- দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির,
- জামায়াতে ইসলামী নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের,
- এনসিপির সদস্য সচিব আখতার হোসেন,
- এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা।
জামায়াত ইসলামের আরেক প্রতিনিধি ড. নকিবুর রহমান তারেক নিউইয়র্কে পরে যোগ দেবেন।
প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে ছয় উপদেষ্টা রয়েছেন। তাদের মধ্যে একই ফ্লাইটে যাচ্ছেন:
- গৃহায়ণ উপদেষ্টা আদিলুর রহমান খান,
- সড়ক পরিবহন উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান,
- স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম,
- সমাজকল্যাণ ও মহিলাবিষয়ক উপদেষ্টা শারমিন এস মুরশিদ।
এছাড়া অগ্রগামী টিমের সদস্য পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ইতিমধ্যেই নিউইয়র্ক পৌঁছেছেন। প্রধান উপদেষ্টার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান আগামী বুধবার (২৪ সেপ্টেম্বর) নিউইয়র্কে যোগ দেবেন।
ভোরের আকাশ // হ.র