রেলপথে পণ্য পরিবহন বাড়াতে সরকারের বড় উদ্যোগ

দেশের পণ্য পরিবহনে রেলওয়ের সক্ষমতা বাড়াতে বড় ধরনের উদ্যোগ নিয়েছে সরকার। পুরোনো ও জরাজীর্ণ ইঞ্জিনের সংকট কাটিয়ে রেলপথে পণ্য পরিবহনের অংশীদারত্ব বাড়াতে ২ হাজার ৭৬৯ কোটি ৮৬ লাখ টাকা ব্যয়ে একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে।
এ প্রকল্পের আওতায় বাংলাদেশ রেলওয়ের জন্য ৩০টি নতুন মিটারগেজ ডিজেল-ইলেকট্রিক লোকোমোটিভ (রেল ইঞ্জিন) সংগ্রহ করা হবে। নতুন ইঞ্জিন যুক্ত হলে রেলপথে যাত্রী ও পণ্য পরিবহনের সক্ষমতা বাড়বে। একই সঙ্গে ট্রেন পরিচালনায় বিদ্যমান সীমাবদ্ধতাও কমবে বলে আশা করা হচ্ছে।
‘রেলওয়ের সক্ষমতা সম্প্রসারণ’ শীর্ষক প্রকল্পটির মূল লক্ষ্য হলো মিটারগেজ রুটে ইঞ্জিনের সংকট দূর করা, পুরোনো ইঞ্জিন প্রতিস্থাপন এবং রেলওয়ের পরিবহন সক্ষমতা বাড়ানো। বিশেষ করে দেশের গুরুত্বপূর্ণ মিটারগেজ রুটগুলোতে যাত্রীবাহী ট্রেনের পাশাপাশি মালবাহী ট্রেন পরিচালনার সুযোগ বাড়াতে প্রকল্পটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
প্রকল্পের মোট ব্যয়ের মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন ৮১১ কোটি ৩৮ লাখ টাকা। বাকি ১ হাজার ৯৫৮ কোটি ৪৮ লাখ টাকা ঋণ দেবে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক (এআইআইবি)। অর্থাৎ প্রকল্পের প্রায় ৭১ শতাংশ অর্থায়ন আসবে এই উন্নয়ন সহযোগী সংস্থার ঋণ থেকে।
রেলওয়ের বিদ্যমান ইঞ্জিন সংকট এবং পণ্য পরিবহনে রেলপথের সীমিত অংশগ্রহণের বিষয়টি বিবেচনায় নিয়ে সরকার এ উদ্যোগ নিয়েছে। বর্তমানে দেশের অভ্যন্তরীণ পণ্য পরিবহনের মাত্র ৩ থেকে ৪ শতাংশ রেলপথে হয়ে থাকে।
অথচ তুলনামূলক কম খরচে বিপুল পরিমাণ পণ্য দীর্ঘ দূরত্বে পরিবহন এবং সড়কপথের ওপর চাপ কমানোর ক্ষেত্রে রেলওয়ের যথেষ্ট সম্ভাবনা রয়েছে।
ভোরের আকাশ/জেআ