উন্নয়নকাজে গুণগত মানে কোনো ছাড় নয়: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

জনগণের কষ্টার্জিত অর্থে নির্মিত অবকাঠামো যেন টেকসই হয় এবং মানুষের প্রকৃত উপকারে আসে, তা নিশ্চিত করতে উন্নয়নকাজের গুণগত মান শতভাগ বজায় রাখার নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
তিনি নবনিযুক্ত প্রকৌশলীদের উদ্দেশে বলেন, ঠিকাদারদের সঙ্গে পেশাদার সম্পর্ক বজায় রেখে কোনো ধরনের শৈথিল্য বা অবহেলা না করে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।
মঙ্গলবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে এলজিইডি ভবনের কামরুল ইসলাম সিদ্দিক মিলনায়তনে আয়োজিত এলজিইডির সহকারী প্রকৌশলীদের ওরিয়েন্টেশন ও প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নবনিযুক্ত প্রকৌশলীদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে যোগ্যতা প্রমাণ করে তারা দেশের অন্যতম বৃহৎ এই সংস্থায় যোগ দিয়েছেন। এলজিইডির মাধ্যমে সরাসরি মানুষের কল্যাণে কাজ করার এবং জনসেবা করার ব্যাপক সুযোগ রয়েছে।
তিনি বলেন, বর্তমান সরকার তারুণ্যের শক্তিকে সর্বোচ্চ গুরুত্ব দেয়। সরকারের ব্যয় সংকোচন নীতির সঙ্গে সামঞ্জস্য রেখে মিতব্যয়ী মনোভাব নিয়ে মাঠপর্যায়ের উন্নয়নকাজ পরিচালনা করতে হবে।
মীর শাহে আলম আরও বলেন, মাঠপর্যায়ে কাজ করার সময় সরকারের ক্রয়সংক্রান্ত বিধিবিধান যথাযথভাবে অনুসরণ করতে হবে। একই সঙ্গে প্রকৌশলীদের দীর্ঘদিনের দাবি অনুযায়ী এলজিইডিকে ক্যাডারভুক্ত করার বিষয়টি দ্রুত বাস্তবায়নে সরকারের পক্ষ থেকে আন্তরিক উদ্যোগ নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি নবনিযুক্ত প্রকৌশলীদের বিভিন্ন প্রশ্নের উত্তর শোনেন।
এলজিইডি আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব মো. শহীদুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলজিইডির প্রধান প্রকৌশলী মো. বেলাল হোসেন।
এ ছাড়া অনুষ্ঠানে মন্ত্রণালয় ও অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং প্রশিক্ষণ কোর্সে অংশ নেওয়া ১৭৬ জন নবনিযুক্ত সহকারী প্রকৌশলী উপস্থিত ছিলেন।
ভোরের আকাশ/জেআ