দেশে পৌঁছেছে ওসমান হাদির মরদেহ

চিকিৎসাধীন অবস্থায় সিঙ্গাপুরে শেষ নিশ্বাস ত্যাগ করা ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মরদেহ বহনকারী ফ্লাইটটি ঢাকায় অবতরণ করেছে। তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৫৮৫ ফ্লাইটটি বাংলাদেশ সময় শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা ৫টা ৪৮ মিনিটে ঢাকায় নামে। সাত দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে গতকাল বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
শহীদ ওসমান হাদির মরদেহ গ্রহণ করতে বিকেলে থেকেই বিমানবন্দরের বাইরে এবং শাহবাগগামী রাস্তার দুই পাশে হাজার হাজার ছাত্র-জনতা সুশৃঙ্খলভাবে অবস্থান নেন। বিমানবন্দর থেকে মরদেহ কড়া নিরাপত্তায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে নিয়ে যাওয়ার কথা রয়েছে, যেখানে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য মরদেহ রাখা হবে।
হাদির মৃত্যুতে আগামীকাল শনিবার (২০ ডিসেম্বর) সারাদেশে রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে অন্তর্বর্তীকালীন সরকার। গতকাল রাতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এই ঘোষণা দেন।
তিনি আরও জানান, হাদির স্ত্রী ও একমাত্র সন্তানের যাবতীয় দায়িত্ব রাষ্ট্র বহন করবে। আগামীকাল শনিবার বাদ জোহর রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে তার জানাজা অনুষ্ঠিত হবে। তবে দাফনের স্থান সম্পর্কে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি।
আজ বাদ জুমা হাদির আত্মার মাগফিরাত কামনায় সারা দেশের মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে। ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে সহিংসতা পরিহার করে নিজ নিজ এলাকায় খুনিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল করার জন্য দেশবাসীর প্রতি অনুরোধ জানানো হয়েছে।
গত শুক্রবার (১২ ডিসেম্বর) রাজধানীর বিজয়নগরে গণসংযোগে অংশ নেওয়ার সময় চলন্ত মোটরসাইকেল থেকে হাদিকে লক্ষ্য করে গুলি চালানো হয়। মাথায় গুলিবিদ্ধ অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল ও পরে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে পাঠানো হয়েছিল।
ভোরের আকাশ/এসএইচ