হাজার ছাড়ালো সুপারশপ স্বপ্নের আউটলেট

দেশের বৃহত্তম রিটেইল চেইন শপ স্বপ্ন, আধুনিক খুচরা বাজারে নতুন এক মাইলফলক স্পর্শ করেছে। দেশের সুপারশপ খাতে প্রথমবারের মতো প্রতিষ্ঠানটি ১,০০১টি আউটলেটের নেটওয়ার্ক গড়ে তুলেছে। এর মাধ্যমে বাংলাদেশের সংগঠিত রিটেইল খাতের বিকাশে যুক্ত হলো নতুন একটি অধ্যায়।
প্রতিষ্ঠানটির এই অর্জনের পেছনে রয়েছে গ্রাহকদের আস্থা ও ভালোবাসা, কর্মীদের সম্মিলিত প্রচেষ্টা এবং ব্যবসায়িক অংশীদারদের ধারাবাহিক সহযোগিতা। দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন অঞ্চলে প্রয়োজনীয় পণ্য ও সেবা সহজলভ্য করার লক্ষ্যে কাজ করে আসছে স্বপ্ন। ১,০০১টি আউটলেটে পৌঁছানো সেই ধারাবাহিক অগ্রযাত্রারই প্রতিফলন।
স্বপ্ন কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতিষ্ঠানটির দেশব্যাপী সম্প্রসারণে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে গ্রাহকদের আস্থা। প্রতিদিনের কেনাকাটায় স্বপ্নকে বেছে নেওয়া এবং প্রতিষ্ঠানটির পণ্য ও সেবার প্রতি আস্থা রাখার কারণেই এই সাফল্য সম্ভব হয়েছে।
প্রতিষ্ঠানটির লক্ষ্য শুধু আউটলেট সংখ্যা বৃদ্ধি নয়; বরং প্রতিটি নতুন আউটলেটের মাধ্যমে গ্রাহকদের আরও কাছাকাছি পৌঁছানো এবং আধুনিক, নির্ভরযোগ্য ও সুবিধাজনক কেনাকাটার অভিজ্ঞতা নিশ্চিত করা। এ লক্ষ্য বাস্তবায়নে দেশের বিভিন্ন অঞ্চলে ধারাবাহিকভাবে সম্প্রসারণ করছে প্রতিষ্ঠানটি।
এ বিষয়ে স্বপ্নের ব্যবস্থাপনা পরিচালক সাব্বির হাসান নাসির বলেন, “১,০০১টি আউটলেটে পৌঁছানো আমাদের জন্য অত্যন্ত গর্বের একটি মুহূর্ত। এই অর্জন শুধু স্বপ্নের নয়, বরং আমাদের সঙ্গে থাকা প্রতিটি গ্রাহক, কর্মী, কৃষক, সরবরাহকারী ও ব্যবসায়িক অংশীদারের। বিশেষ করে গ্রাহকদের দীর্ঘদিনের আস্থা ও ভালোবাসাই আমাদের সবচেয়ে বড় শক্তি।”
তিনি আরও বলেন, “আমরা বিশ্বাস করি আধুনিক রিটেইলের সাফল্য শুধু বড় নেটওয়ার্ক তৈরির মধ্যে সীমাবদ্ধ নয়; বরং গ্রাহকের প্রয়োজন বোঝা, মানসম্মত পণ্য নিশ্চিত করা, সরবরাহ ব্যবস্থাকে আরও শক্তিশালী করা এবং আস্থার সম্পর্ককে দীর্ঘস্থায়ী করার মধ্যেই এর প্রকৃত সাফল্য নিহিত।”
স্বপ্ন জানিয়েছে, ভবিষ্যতেও তারা নেটওয়ার্ক সম্প্রসারণের পাশাপাশি পণ্যের মান, মূল্যসাশ্রয়, প্রাপ্যতা, সেবা ও গ্রাহকসুবিধা উন্নয়নে গুরুত্ব দেবে। এই মাইলফলককে সামনে রেখে প্রতিষ্ঠানটির লক্ষ্য দেশের আরও বেশি মানুষের কাছে আধুনিক ও আস্থাভিত্তিক কেনাকাটার অভিজ্ঞতা পৌঁছে দেওয়া।
ভোরের আকাশ/জেআ