২০২৬ সালের পূর্ণ সূর্যগ্রহণ: বাংলাদেশ থেকে দেখা যাবে না

আকাশে আজ দেখা মিলবে বিরল এক মহাজাগতিক দৃশ্যের—পূর্ণ সূর্যগ্রহণ। চাঁদ সূর্যের পুরো চাকতি ঢেকে ফেললে এই বিশেষ গ্রহণ ঘটে। তবে বাংলাদেশে গ্রহণটি সংঘটিত হবে রাতের সময়ে, তাই দেশের কোনো স্থান থেকেই এটি দেখা যাবে না।
বুধবার (১২ আগস্ট) এই পূর্ণ সূর্যগ্রহণ অনুষ্ঠিত হবে। গ্রহণের বিভিন্ন পর্যায় বিশ্বের বিভিন্ন অঞ্চলে দৃশ্যমান হবে। পূর্ণগ্রহণের প্রধান পথের মধ্যে রয়েছে গ্রিনল্যান্ড, আইসল্যান্ড, উত্তর রাশিয়া, উত্তর আটলান্টিক মহাসাগর, স্পেন ও পর্তুগালের একটি ছোট অংশ। ইউরোপ, আফ্রিকা ও উত্তর আমেরিকার বিস্তীর্ণ অঞ্চলে আংশিক সূর্যগ্রহণ দেখা যাবে।
নাসার তথ্য অনুযায়ী, গ্রহণের সর্বোচ্চ পর্যায় বাংলাদেশ সময় প্রায় রাত ১১টা ৪৬ মিনিটের দিকে ঘটবে। তবে এ সময় বাংলাদেশে সূর্য আকাশে থাকবে না। ফলে দেশের কোনো অঞ্চল থেকে সরাসরি গ্রহণ দেখার সুযোগ নেই।
যেসব অঞ্চলে দেখা যাবে
পূর্ণ সূর্যগ্রহণের পথ শুরু হবে উত্তর রাশিয়ার কাছাকাছি অঞ্চল থেকে। এরপর চাঁদের ছায়া আর্কটিক ও উত্তর আটলান্টিক পেরিয়ে গ্রিনল্যান্ড, আইসল্যান্ড ও স্পেনের ওপর দিয়ে অগ্রসর হবে। এসব অঞ্চলের নির্দিষ্ট এলাকায় সূর্য পুরোপুরি ঢেকে যাবে।
বিশেষজ্ঞদের হিসাব অনুযায়ী, গ্রহণের কেন্দ্রীয় রেখায় সর্বোচ্চ পূর্ণগ্রহণের স্থায়িত্ব হবে প্রায় ২ মিনিট ১৮ সেকেন্ড।
কীভাবে ঘটে পূর্ণ সূর্যগ্রহণ
চাঁদ যখন পৃথিবী ও সূর্যের মাঝখানে এসে সূর্যের আলো আংশিক বা পুরোপুরি আটকে দেয়, তখন সূর্যগ্রহণ ঘটে। চাঁদের ছায়ার যে অংশে সূর্যের পুরো চাকতি ঢেকে যায়, সেখানে দেখা যায় পূর্ণ সূর্যগ্রহণ। আর ছায়ার বিস্তৃত অংশে দেখা যায় আংশিক গ্রহণ।
সূর্য চাঁদের তুলনায় প্রায় ৪০০ গুণ বড়। একই সঙ্গে সূর্য পৃথিবী থেকে চাঁদের তুলনায় প্রায় ৪০০ গুণ দূরে। এই কারণে পৃথিবী থেকে আকাশে সূর্য ও চাঁদকে প্রায় একই আকারের মনে হয়। নির্দিষ্ট অবস্থায় চাঁদ তাই সূর্যের পুরো চাকতি ঢেকে দিতে পারে।
নাসার তথ্য অনুযায়ী, পৃথিবীতে প্রতিবছর একাধিক সূর্যগ্রহণ ঘটে। এর মধ্যে আংশিক, বলয়গ্রাস, পূর্ণগ্রাস ও সংকর—বিভিন্ন ধরনের সূর্যগ্রহণ রয়েছে। তবে নির্দিষ্ট কোনো স্থান থেকে পূর্ণ সূর্যগ্রহণ দেখা তুলনামূলকভাবে বিরল ঘটনা।
এবারের গ্রহণ বাংলাদেশ থেকে দেখা না গেলেও বিশ্বের বিভিন্ন প্রান্তে মহাজাগতিক এই দৃশ্য দেখতে ইতোমধ্যে প্রস্তুতি নিয়েছেন আকাশপ্রেমী ও গবেষকেরা। NASA-ও গ্রহণের সরাসরি সম্প্রচার করবে।
সতর্কতা: সূর্যগ্রহণের আংশিক পর্যায় সরাসরি খালি চোখে দেখা নিরাপদ নয়। উপযুক্ত সৌর-নিরাপত্তা চশমা বা অনুমোদিত সৌর ফিল্টার ব্যবহার করতে হয়।
ভোরের আকাশ/জেআ