এআই প্রযুক্তিতে নতুন যুগের সূচনা করছে অ্যাপল

অ্যাপলের বার্ষিক ডেভেলপার সম্মেলনে নতুন এআই-ভিত্তিক বেশ কিছু ফিচার উন্মোচন করা হয়েছে, যা আইফোন ব্যবহারকারীদের দৈনন্দিন কাজকে আরও সহজ ও স্মার্ট করে তুলবে। প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল জানিয়েছে, নতুন ‘অ্যাপল ইন্টেলিজেন্স’ সিস্টেমের মাধ্যমে ফোন, ছবি, মেসেজসহ বিভিন্ন অ্যাপ আরও কার্যকর ও ব্যবহারবান্ধবভাবে কাজ করতে সক্ষম হবে।
অ্যাপেলের সাফারি ব্রাউজারে এখন স্বয়ংক্রিয়ভাবে ট্যাবগুলো বিষয়ভিত্তিকভাবে সাজানো হবে। একই সঙ্গে নতুন ট্যাব সাজেশনও দেবে। এছাড়া কোনও ওয়েবসাইটে দাম বা খবর পরিবর্তন হলে ব্যবহারকারীকে স্বয়ংক্রিয় নোটিফিকেশন দেয়া হবে। আরও একটি গুরুত্বপূর্ণ ফিচার হলো টেক্সট প্রম্পট ব্যবহার করে নিজে থেকেই ওয়েব পেজ কাস্টমাইজ করার সুবিধা, যা আগে শুধু ডেভেলপারদের জন্য সীমিত ছিল।
সবচেয়ে বড় চমক আছসে ছবি এডিটিং করার ক্ষেত্রে। ফটোস অ্যাপে এখন ছবি পরিষ্কার করা, অবজেক্ট মুছে ফেলা, ব্যাকগ্রাউন্ড বাড়ানো এবং নতুন ফ্রেম তৈরি করা আরও সহজ হবে। এছাড়া “ইমেজ প্লেগ্রাউন্ড” ফিচারে বাস্তবধর্মী ছবি তৈরি ও এডিট করার ক্ষমতাও উন্নত করা হয়েছে।
হ্যাকড বা ঝুঁকিপূর্ণ পাসওয়ার্ড এখন এক ক্লিকে আপডেট করা যাবে। পুরো প্রক্রিয়াটি স্বয়ংক্রিয়ভাবে পরিচালনা করবে অ্যাপল ইন্টেলিজেন্স।মেসেজ লেখার সময় থাকবে স্মার্ট রিপ্লাই সাজেশন এবং টেক্সট লিখে নির্দিষ্ট ছবি খুঁজে পাওয়ার সুবিধা। সবচেয়ে বড় পরিবর্তন আসছে ফোন অ্যাপে। কল চলাকালীনই ইমেইল বা মেসেজ থেকে প্রয়োজনীয় তথ্য যেমন ফ্লাইট ডিটেইলস স্বয়ংক্রিয়ভাবে দেখাতে পারবে সিস্টেম।
ভোরের আকাশ/জেআ