রাষ্ট্রীয় সম্মানি পাচ্ছেন না মসজিদের খতিবরা

ধর্মীয় প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলদের রাষ্ট্রীয় সম্মানি দেওয়ার উদ্যোগ থাকলেও আপাতত সেই তালিকায় মসজিদের খতিবদের অন্তর্ভুক্ত করছে না সরকার। খতিবদের সম্মানি দেওয়ার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।
মঙ্গলবার (১৭ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান বাবুলের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান ধর্মমন্ত্রী। এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম অধিবেশনে সভাপতিত্ব করেন।
প্রশ্নে মো. মোস্তাফিজুর রহমান বাবুল জানতে চান, চলতি অর্থবছরে দেশের মোট কতটি মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেম, মন্দিরের পুরোহিত ও সেবায়েত এবং অন্যান্য ধর্মীয় উপাসনালয়ের ধর্মগুরুকে রাষ্ট্রীয় সম্মানি দেওয়া হবে। একই সঙ্গে মসজিদের খতিবদের এ কর্মসূচির আওতায় অন্তর্ভুক্ত করার কোনো পরিকল্পনা আছে কি না।
জবাবে ধর্মমন্ত্রী বলেন, চলতি ২০২৬-২৭ অর্থবছরে সারাদেশে বিদ্যমান ৮২ হাজার ৬৫৬টি মসজিদ, ৩ হাজার মন্দির, ৭৫২টি বৌদ্ধবিহার ও ৩০১টি গির্জায় কর্মরত মোট ২ লাখ ৫৬ হাজার ৭৪ জন ধর্মীয় ব্যক্তিকে সম্মানি দেওয়া হবে।
তিনি বলেন, নীতিমালা অনুযায়ী মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমরা এ সম্মানি পাওয়ার যোগ্য। তবে মসজিদের খতিবদের এ সম্মানির আওতাভুক্ত করার কোনো পরিকল্পনা আপাতত নেই।
ভোরের আকাশ/জেআ