লন্ডনে নাহিদের সংবর্ধনায় হামলার ঘটনায় সরকারের নিন্দা

লন্ডনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইফ নাহিদ ইসলামের সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেওয়া বাংলাদেশিদের ওপর হামলার ঘটনায় যুক্তরাজ্য সরকারের কাছে পূর্ণাঙ্গ তদন্ত ও দায়ীদের বিচারের দাবি জানিয়েছে বাংলাদেশ সরকার। সোমবার (১৬ নভেম্বর) আয়োজিত ওই অনুষ্ঠানে আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা চালিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এতে প্রায় ১০ জন আহত হয়েছেন, যাঁদের কয়েকজনকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ ঘটনায় তীব্র নিন্দা জানানো হয়। বিবৃতিতে বলা হয়, যুক্তরাজ্যে বাংলাদেশি নাগরিকদের ওপর এ ধরনের সহিংস ও সন্ত্রাসী কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
সরকারের বিবৃতিতে আরও বলা হয়, ক্ষমতাচ্যুত সরকারের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে এসব ঘটনায় জড়িত থাকার অভিযোগ উঠেছে। এ ধরনের কর্মকাণ্ড বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে ক্ষুণ্ন করে।
ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে দায়ীদের শনাক্ত এবং যুক্তরাজ্যের প্রচলিত আইন অনুযায়ী তাঁদের বিচারের আওতায় আনতে দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ সরকার।
বিবৃতিতে সরকার বলেছে, দেশে কিংবা বিদেশে কোনো নাগরিক যেন গণতান্ত্রিক অধিকার চর্চা ও রাজনৈতিক মতামত প্রকাশের কারণে সহিংসতা বা ভীতি প্রদর্শনের শিকার না হন, তা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
এ ছাড়া সন্ত্রাস ও সহিংসতার অভিযোগে বাংলাদেশে আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত থাকার বিষয়টিও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
ভোরের আকাশ/এনএস