১৯ নভেম্বর বিশ্ব পুরুষ দিবস

পুরুষদের অবদান, অধিকার ও সুস্বাস্থ্য নিয়ে সচেতনতা তৈরির লক্ষ্য নিয়ে আজ ১৯ নভেম্বর পালিত হচ্ছে বিশ্ব পুরুষ দিবস। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি উদ্যাপন করা হচ্ছে। পরিবার, সমাজ ও কর্মক্ষেত্রে পুরুষদের ইতিবাচক ভূমিকা ও ত্যাগের স্বীকৃতি দেওয়ার পাশাপাশি তাঁদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য সুরক্ষার গুরুত্ব তুলে ধরতেই প্রতিবছর দিবসটি পালন করা হয়।
এ বছর আন্তর্জাতিক পুরুষ দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে, ‘দ্য ফিউচার ইজ এভরিওয়ান’। যার বাংলা অর্থ―ভবিষ্যৎ সবার। মূলত, একটি সুন্দর, নিরাপদ ও সমতাভিত্তিক ভবিষ্যৎ গড়ার জন্য নারী-পুরুষ সবার সম্মিলিত ও সমান ভূমিকার গুরুত্বকে তুলে ধরা হয়েছে প্রতিপাদ্যটির মাধ্যমে।
দিবসটি পালনের সূচনা হয় এখন থেকে প্রায় ২৭ বছর আগে। ১৯৯৯ সালে ত্রিনিদাদ ও টোবাগোতে ওয়েস্ট ইন্ডিজ বিশ্ববিদ্যালয়ের প্রভাষক ড. জেরোম টিলুকসিংয়ের উদ্যোগে পুরুষ দিবস পালন শুরু হয়। তবে পরবর্তীতে সেটি ছড়িয়ে পড়ে বিশ্বজুড়ে।
আন্তর্জাতিক পুরুষ দিবস পালনের ছয়টি প্রধান লক্ষ্য রয়েছে। সেসব হলো-
১. সমাজে ইতিবাচক পুরুষ আদর্শ তুলে ধরা।
২. পরিবার ও সমাজ গঠনে পুরুষদের অবদানকে স্বীকৃতি দেয়া।
৩. পুরুষদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য এবং সুস্থতার বিষয়ে সচেতনতা বাড়ানো।
৪. পুরুষদের প্রতি সামাজিক বৈষম্য ও অবহেলার বিষয়গুলো সামনে আনা।
৫. নারী-পুরুষের পারস্পরিক সম্পর্ক ও শ্রদ্ধাবোধ উন্নত করা।
৬. সবার জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য সমাজ গড়ে তোলা।
পুরুষ দিবস উপলক্ষে বাবা, ভাই, স্বামী, ছেলে কিংবা সহকর্মীদের আন্তরিক শুভেচ্ছা জানানোর মাধ্যমে সমাজের বিভিন্ন মহলে পুরুষের অবদানের স্বীকৃতি দেয়া যেতে পারে। সমাজবিজ্ঞানীদের মতে, তীব্র শক্তি শুধু দায়িত্ব পালনে নয়, বরং নিজের অনুভূতি প্রকাশ এবং মানসিক স্বাস্থ্যের প্রতি যত্ন নেয়ার মধ্যেও নিহিত থাকে।
আজকের এ দিবসটি শুধু পুরুষের অর্জন উদযাপনের দিন নয়, বরং নারী ও পুরুষের একে অপরের প্রতি পরস্পর শ্রদ্ধা, সহমর্মিতা ও সহযোগিতার মাধ্যমে একটি সুন্দর সমাজ গড়ার অঙ্গীকার করার দিন।
ভোরের আকাশ/জেআ