ঢাকায় বন্যাদুর্গতদের পাশে গুলশান সোসাইটি

সাম্প্রতিক অতিবৃষ্টি ও আকস্মিক বন্যায় ঢাকার বিভিন্ন এলাকার পানিবন্দী ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে গুলশান সোসাইটি। বন্যাকবলিত মানুষের জন্য সংগঠনটির উদ্যোগে রান্না করা খাবার বিতরণ কর্মসূচি পরিচালনা করা হয়েছে।
মঙ্গলবার (১৪ জুলাই) গুলশান সোসাইটির উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বন্যাদুর্গত এলাকার সংকটাপন্ন মানুষের মধ্যে রান্না করা খাবার বিতরণ করা হয়।
খাবার বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন গুলশান সোসাইটির সভাপতি ব্যারিস্টার ওমর সাদাত, মহাসচিব মজিবুর রহমান মৃধাসহ সোসাইটির অন্যান্য সদস্য।
এ সময় ব্যারিস্টার ওমর সাদাত বলেন, বন্যার কারণে বিপুলসংখ্যক মানুষ মানবেতর জীবনযাপন করছেন। এ সংকটময় সময়ে অভুক্ত ও পানিবন্দী মানুষের পাশে দাঁড়ানো নাগরিক ও নৈতিক দায়িত্ব। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে গুলশান সোসাইটি সবসময় মানুষের কল্যাণে কাজ করে আসছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, পানিবন্দী মানুষের এই মুহূর্তে সবচেয়ে বেশি প্রয়োজন জরুরি খাদ্য ও বিশুদ্ধ পানি। সোসাইটি তাদের সামর্থ্য অনুযায়ী দুর্গত মানুষের কষ্ট লাঘবে কাজ করছে। একই সঙ্গে তিনি সমাজের সামর্থ্যবান ব্যক্তি ও বিভিন্ন সামাজিক সংগঠনকে বন্যার্ত মানুষের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান।
সোসাইটির সদস্য ও স্বেচ্ছাসেবকদের অংশগ্রহণে সুশৃঙ্খলভাবে বন্যাকবলিত মানুষের হাতে রান্না করা খাবার পৌঁছে দেওয়া হয়।
গুলশান সোসাইটির পক্ষ থেকে জানানো হয়েছে, বন্যা পরিস্থিতির উন্নতি না হওয়া এবং ক্ষতিগ্রস্ত মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ফিরে না আসা পর্যন্ত পর্যায়ক্রমে এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রাখা হবে।
ভোরের আকাশ/এম