বিশ্ববাজারে বাড়ল সোনার দাম

আন্তর্জাতিক বাজারে বেড়েছে সোনার দাম। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় সকাল ১০টা ৪৩ মিনিটে স্পট মার্কেটে প্রতি আউন্স সোনার দাম শূন্য দশমিক ৮ শতাংশ বেড়ে ৪ হাজার ২৯৫ দশমিক ২৬ ডলারে দাঁড়িয়েছে।
এর আগে, বুধবার সকাল ৯টা ১০ মিনিটে স্পট সোনার দাম শূন্য দশমিক ৮ শতাংশ বেড়ে ৪ হাজার ৩২৮ দশমিক ৩৯ ডলারে উঠেছিল। তবে দিনটিতে পরবর্তী সময়ে সোনার দাম হঠাৎ প্রায় ছয় সপ্তাহের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে যায়। এর পরদিন আবারও দাম বাড়ল মূল্যবান এই ধাতুটির।
অন্যদিকে, ডিসেম্বর সরবরাহের জন্য যুক্তরাষ্ট্রের সোনার ফিউচার মূল্য ১ দশমিক ২ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৩৩৩ দশমিক ৯০ ডলারে নেমেছে।
এদিকে সৌদি আরব ওমানের মাধ্যমে অতিরিক্ত অপরিশোধিত তেল সরবরাহের প্রস্তাব দিয়েছে এমন খবরের পর তেলের দাম কমেছে। এতে আগের দরপতন আরও বেড়েছে।
বাজার বিশ্লেষক কেলভিন ওং বলেন, তেলের দামের গতিপথ এখন বাজারের জন্য গুরুত্বপূর্ণ। তেলের দাম কমতে থাকলে মধ্যমেয়াদে তা সোনার দাম বাড়াতে সহায়তা করতে পারে। তবে তেলের দাম কমার প্রবণতা অব্যাহত না থাকলে সোনার দাম একটি নির্দিষ্ট সীমার মধ্যে ওঠানামা করতে পারে।
তিনি আরও বলেন, সোনার সাম্প্রতিক মূল্যবৃদ্ধির পেছনে কারিগরি বাজার পরিস্থিতিরও ভূমিকা রয়েছে। ফেডের কঠোর নীতির বার্তা ইতোমধ্যে অনেকটাই বাজারদরে প্রতিফলিত হয়েছে।
সাধারণত মূল্যস্ফীতির বিরুদ্ধে সুরক্ষিত বিনিয়োগ হিসেবে সোনাকে বিবেচনা করা হয়। তবে সুদহার বাড়লে সুদনির্ভর সম্পদে বিনিয়োগের আকর্ষণ বাড়ে। ফলে সোনার চাহিদা ও আকর্ষণ কিছুটা কমতে পারে।
বুধবার সুদহার বাড়ানোর পাশাপাশি চলতি বছরের শেষ নাগাদ আরও এক দফা সুদহার বাড়ানোর ইঙ্গিত দিয়েছে ফেড।
সংস্থাটির সর্বশেষ ত্রৈমাসিক অর্থনৈতিক পূর্বাভাস অনুযায়ী, ১৮ জন নীতিনির্ধারকের মধ্যে ১৬ জনই বছরের শেষ নাগাদ অন্তত আরও একবার শূন্য দশমিক ২৫ শতাংশীয় পয়েন্ট সুদহার বাড়ানোর পক্ষে মত দিয়েছেন। বাকি দুজন সুদহার বর্তমান অবস্থায় রাখার পক্ষে রয়েছেন।
এদিকে বৃহস্পতিবার ব্যাংক অব ইংল্যান্ড সুদহার অপরিবর্তিত রাখবে বলে ধারণা করা হচ্ছে। তবে জ্বালানির দাম বাড়তে থাকলে দেশটির কেন্দ্রীয় ব্যাংকও ফেডের মতো সুদহার বাড়ানোর পথে যাবে কি না, সেদিকে নজর রাখছেন বিনিয়োগকারীরা।
ভূরাজনৈতিক পরিস্থিতিও সোনার বাজারে প্রভাব ফেলছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধের অবসান কাছাকাছি বলে তিনি আশা করছেন। দীর্ঘদিন ধরে চলা সংঘাতের মধ্যে সৌদি আরব ইয়েমেনে হামলা জোরদার করেছে। অন্যদিকে হুথি যোদ্ধারাও সৌদি শহরগুলোতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।
এদিকে স্পট মার্কেটে রুপার দাম ১ দশমিক ২ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৬৩ দশমিক ৭৩ ডলারে উঠেছে। প্লাটিনামের দাম ১ দশমিক ৭ শতাংশ বেড়ে ১ হাজার ৭৮৩ দশমিক ৫৬ ডলার এবং প্যালাডিয়ামের দাম ২ দশমিক ২ শতাংশ বেড়ে ১ হাজার ২৯৬ দশমিক ৭০ ডলারে দাঁড়িয়েছে। সূত্র: রয়টার্স
ভোরের আকাশ/ইউএম