বাংলা কিউআরে যুক্ত হলো নতুন সেবা

দেশের ডিজিটাল লেনদেন ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন আনতে বাংলা কিউআরে (Bangla QR) যুক্ত হয়েছে ব্যক্তি থেকে ব্যক্তি বা পিটুপি (P2P) অর্থ স্থানান্তর সেবা।
বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে রোববার (১ নভেম্বর) থেকে দেশব্যাপী একযোগে এই নতুন সেবাটি আনুষ্ঠানিকভাবে চালু করা হয়েছে। এর আগে বাংলা কিউআর কোড শুধুমাত্র মার্চেন্ট পেমেন্ট বা কেনাকাটার বিল পরিশোধের ক্ষেত্রে ব্যবহার করা যেত।
বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে চালু হওয়া এ সেবার মাধ্যমে অর্থ পাঠাতে প্রাপকের মোবাইল নাম্বার কিংবা ব্যাংক হিসাব নাম্বার আলাদাভাবে প্রবেশ করানোর প্রয়োজন হবে না। শুধু প্রাপকের বাংলা কিউআর কোড স্ক্যান করে প্রয়োজনীয় তথ্য যাচাইয়ের পরই লেনদেন সম্পন্ন করা যাবে।
নতুন এ ব্যবস্থায় ব্যক্তিপর্যায়ে অর্থ স্থানান্তর আরও সহজ, দ্রুত ও নিরাপদ হবে বলে মনে করছে কেন্দ্রীয় ব্যাংক। এতে টাকা পাঠানোর ক্ষেত্রে ভুল নম্বর বা হিসাবের তথ্য দেওয়ার ঝুঁকিও কমবে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, বাংলা কিউআরের পিটুপি সেবা চালুর ফলে দৈনন্দিন লেনদেনে নগদ অর্থের ব্যবহার কমবে। একই সঙ্গে ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার বিস্তার এবং ক্যাশলেস লেনদেনের প্রসারে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বাংলাদেশ ব্যাংকের মতে, এ উদ্যোগের মাধ্যমে দেশের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা আরও সহজলভ্য ও অন্তর্ভুক্তিমূলক হবে।
ভোরের আকাশ/আ.র