খেলাপি ঋণ আদায়ে তালিকাভুক্ত করা হলো ৫ মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান

খেলাপি ঋণ আদায়ের কার্যক্রম ত্বরান্বিত করতে এবং দীর্ঘ আইনি প্রক্রিয়া এড়াতে ৫টি প্রতিষ্ঠানকে বিকল্প বিরোধ নিষ্পত্তি (এডিআর) পদ্ধতির মধ্যস্থতাকারী হিসেবে তালিকাভুক্ত করেছে বাংলাদেশ ব্যাংক। রোববার (২৯ নভেম্বর) কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-২ (বিআরপিডি-২) থেকে জারি করা এক সার্কুলারের মাধ্যমে এই তালিকা প্রকাশ করা হয়।
সার্কুলারে বলা হয়েছে, গত ২০ আগস্ট জারি করা ‘বিকল্প বিরোধ নিষ্পত্তি (এডিআর) এর জন্য মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান তালিকাভুক্তিকরণ সংক্রান্ত নীতিমালা, ২০২৬’ এর আওতায় প্রতিষ্ঠানগুলোকে তালিকাভুক্ত করা হয়েছে।
তালিকাভুক্ত পাঁচটি প্রতিষ্ঠান হলো বাংলাদেশ ইন্টারন্যাশনাল আরবিট্রেশন সেন্টার (বিআইএসি), সিটিজেনস অল্টারনেটিভ ডিসপিউট রেজল্যুশন হাউজ, হুধুদ সলিউশনস পিএলসি, লবিং অ্যান্ড দ্য ল (বাংলাদেশ) কোম্পানি লিমিটেড এবং মার্স ফাইন্যান্সিয়াল অ্যান্ড লিগ্যাল কনসালটেন্সি লিমিটেড।
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলোর অনুমোদনের মেয়াদ হবে তিন বছর। তবে এ সময়ের মধ্যে কোনো প্রতিষ্ঠানের তালিকাভুক্তি স্থগিত বা বাতিল করা হলে অনুমোদন কার্যকর থাকবে না। মেয়াদ শেষ হওয়ার অন্তত ৯০ দিন আগে নবায়নের জন্য আবেদন করতে হবে।
নীতিমালার শর্ত বা বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা পালনে ব্যত্যয় ঘটলে কিংবা যুক্তিসংগত কারণে যেকোনো সময় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের তালিকাভুক্তি স্থগিত বা বাতিল করতে পারবে কেন্দ্রীয় ব্যাংক। এ ছাড়া প্রতিষ্ঠানগুলোকে নির্ধারিত ফরম্যাটে নিয়মিত বার্ষিক প্রতিবেদন জমা দিতে হবে।
সার্কুলারে আরও বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংকের এডিআর-সংক্রান্ত আগের ও ভবিষ্যতের নির্দেশনা অনুসরণ করে মধ্যস্থতা কার্যক্রম পরিচালনা করতে হবে। এক্ষেত্রে বিবদমান পক্ষ এবং মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানের পারস্পরিক লিখিত সম্মতি থাকতে হবে।
ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ৪৫ ধারা এবং ফাইন্যান্স কোম্পানি আইন, ২০২৩ এর ৪১ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। সার্কুলারটি অবিলম্বে কার্যকর হবে।
ভোরের আকাশ/আ.র