বিশ্ববাজারে বেড়েছে সোনা-রুপার দাম

বিশ্ববাজারে সোনার দাম বেড়েছে। গত শুক্রবার এক বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে যাওয়ার পর সোমবার (২ নভেম্বর) সোনার দামে এই ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যায়।
আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমে যাওয়ায় মূল্যস্ফীতি নিয়ে উদ্বেগ কিছুটা কমেছে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন ঘিরে দেশটির অর্থনৈতিক ও রাজস্বনীতিতে সম্ভাব্য পরিবর্তনের বিষয়টি পর্যবেক্ষণ করছেন বিনিয়োগকারীরা।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার স্পট মার্কেটে সোনার দাম দশমিক ৭ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৩ হাজার ৯০০ ডলার ১৪ সেন্টে দাঁড়ায়। এর আগে শুক্রবার স্বর্ণের দাম ৩ দশমিক ৬ শতাংশ কমে ২০২৫ সালের অক্টোবরের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে গিয়েছিল।
এদিকে যুক্তরাষ্ট্রে ডিসেম্বরে সরবরাহের জন্য সোনার ফিউচার দর দশমিক ৩ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৩ হাজার ৯০৯ ডলার ২০ সেন্ট হয়েছে।
বিশ্লেষকদের মতে, প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতের শেয়ারে বড় ধরনের দরপতনের কারণে গত শুক্রবার বিনিয়োগকারীরা নগদ অর্থ সংগ্রহে মনোযোগী হন। লোকসান সামাল দিতে তাদের অনেকে সোনার মতো নিরাপদ বিনিয়োগের সম্পদ বিক্রি করেন। এতে সোনার দামে বড় পতন ঘটে।
স্বাধীন আর্থিক বাজার বিশ্লেষক নিকোস জাবুরাস বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কূটনৈতিক সমঝোতার সম্ভাবনা নিয়ে আশাবাদ এবং এআই খাতের প্রবৃদ্ধির স্থায়িত্ব নিয়ে নতুন উদ্বেগের কারণে বাজারে পরিবর্তন এসেছে। এসব পরিস্থিতি যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদের হার বাড়ানোর প্রয়োজনীয়তা নিয়ে বিনিয়োগকারীদের ধারণায় প্রভাব ফেলছে। এর ফলে সোনার দাম ঘুরে দাঁড়ানোর সুযোগ তৈরি হয়েছে। তবে এই উত্থান স্বল্পস্থায়ী হতে পারে
বিশ্ববাজারে অন্যান্য মূল্যবান ধাতুর দামও বেড়েছে। স্পট মার্কেটে রুপার দাম ২ দশমিক ৫ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৫০ ডলার ৩৫ সেন্টে দাঁড়িয়েছে।
এর আগে শুক্রবার ১১ মাসের মধ্যে প্রথমবারের মতো রুপার দাম ৫০ ডলারের নিচে নেমে গিয়েছিল।
অন্যদিকে প্লাটিনামের দাম দশমিক শূন্য ১ শতাংশ বেড়ে প্রতি আউন্স ১ হাজার ৪৩১ ডলার ৭ সেন্ট হয়েছে। প্যালাডিয়ামের দাম বেড়েছে দশমিক ৩ শতাংশ। এতে ধাতুটির প্রতি আউন্সের দাম দাঁড়িয়েছে ৯৭৯ ডলার ২৫ সেন্টে। এর আগে শুক্রবার প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম যথাক্রমে ১৩ ও ১৭ মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে গিয়েছিল।
এদিকে দেশের বাজারে ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১০ হাজার ৯৪৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮১ হাজার ২০০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ১ লাখ ৪৮ হাজার ১৬ টাকায় বিক্রি হচ্ছে।
এ ছাড়া বর্তমানে ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেটের রুপা বিক্রি হচ্ছে ৩ হাজার ৪৯৯ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৩৮৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ৯১৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা ২ হাজার ২১৬ টাকায় বেচাকেনা হচ্ছে।
ভোরের আকাশ/ এনউব