‘সভ্যতা হালে পানি পাবে না’, দূরদর্শী ছিলেন গোলাম মোস্তফা

দেশের অত্যন্ত সম্মানিত অভিনেতা ছিলেন গোলাম মোস্তফা। চলাফেরা ও আচার-আচরণে ছিলেন অভিজাত, চিন্তায় উদার এবং সময়ের চেয়ে এগিয়ে থাকা একজন মানুষ। আড্ডা দিতে ভালোবাসতেন তিনি। তাঁর সঙ্গে আড্ডা মানেই ছিল অনেক কিছু শেখা ও জানার সুযোগ। সেই আড্ডা নিছক গল্পগুজব বা সময় কাটানোর মধ্যে সীমাবদ্ধ থাকত না; বরং সেখানে উঠে আসত জীবন, সমাজ ও সভ্যতা নিয়ে গভীর উপলব্ধির কথা।
একদিন এমনই এক আড্ডায় সভ্যতা ও অসভ্যতা প্রসঙ্গে হাসতে হাসতে রসিকতার ছলে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মন্তব্য করেছিলেন তিনি। বলেছিলেন, সভ্য মানুষ একসময় কোণঠাসা হয়ে পড়বে। সামনের দিনগুলোতে সভ্যতা আর হালে পানি পাবে না।
কথাটির সঙ্গে কবি হুমায়ুন আজাদের একটি পঙ্ক্তির মিল খুঁজে পাওয়া যায়। তিনি কিছুটা কঠোর ভাষায় লিখেছিলেন, ‘আমি জানি সবকিছু নষ্টদের অধিকারে যাবে।’
সেদিন আড্ডায় উপস্থিত একজন কিছুটা ইতস্তত করে প্রশ্ন করেছিলেন, মানুষ চাঁদে চলে যাচ্ছে, আর আমরা সভ্যতার এমন করুণ পরিণতির কথা ভাবছি কেন?
উত্তরে গোলাম মোস্তফা হেসে বলেছিলেন, আগে তো চাঁদে যাওয়ার ইচ্ছা থাকতে হবে। এরপর সেখানে কীভাবে যাওয়া সম্ভব, সেই জ্ঞান অর্জনের আগ্রহও থাকতে হবে। আমাদের কি এত দূরে যাওয়ার ভাবনা, আশা কিংবা স্বপ্ন আছে? আমরা সামনে তাকাই না, বরং উল্টো পথে হাঁটতে পছন্দ করি।
আসলে সেদিনের আলোচনার সূত্রপাত হয়েছিল বই পড়ার অভ্যাস নিয়ে। গোলাম মোস্তফা বলছিলেন, বই না পড়ার অভ্যাস একসময় ভয়াবহ বিপদ ডেকে আনবে। জানা ও বোঝার আগ্রহ না থাকলে মানুষ গলা ও গায়ের জোর দিয়ে নিজেদের জাহির করতে চাইবে।
তাঁর মতে, যারা বই পড়ে না, তাদের মধ্যে একসময় দ্বিধা, সংকোচ ও লজ্জাবোধও থাকবে না। তারা ভাববে, বই পড়ে জানার বা বোঝার কী প্রয়োজন? আমরা কি কিছু কম বুঝি?
এমন পরিস্থিতিতে যুক্তির পরিবর্তে রুক্ষ আত্মবিশ্বাস নিয়ে মানুষ কুতর্কে জড়িয়ে পড়বে। কোনো বিষয় গভীরভাবে উপলব্ধি করার আগ্রহ হারিয়ে যাবে। কথাগুলো বলতে বলতে তিনি একসময় থেমে গেলেন। মনে হয়েছিল, যেন ভবিষ্যতের কোনো সময়কে কল্পনায় দেখার চেষ্টা করছেন।
তিনি আশঙ্কা প্রকাশ করেছিলেন, মানুষের মনে যখন না জানা বা না বোঝার কারণে কোনো অস্বস্তি থাকবে না, তখনই শুরু হবে মহাসর্বনাশ। মানুষ তখন সভ্যতা-অসভ্যতা নিয়ে আর মাথা ঘামাবে না। কোনো কাজের জন্য কারও দায়বদ্ধতাও থাকবে না। অসভ্যতায় যদি লাভ হয়, তাহলে লজ্জা-শরমের তোয়াক্কা না করেই অনেকে সেই পথে হাঁটবে।
আর সভ্য মানুষ সবকিছু চোখের সামনে ঘটতে দেখেও অসহায় হয়ে পড়বে। কষ্ট পাবে, দীর্ঘশ্বাস ফেলবে, কিন্তু কিছু করতে কিংবা বলতেও পারবে না।
গোলাম মোস্তফার কথায় আরও একটি বিষয় উঠে এসেছিল। তিনি বলেছিলেন, যারা নির্দ্বিধায় অসভ্যতা করতে পারে, তারা খুব দ্রুত গোষ্ঠীবদ্ধ হয়ে যায়। পরস্পরের মধ্যে একধরনের সখ্য তৈরি হয়। অন্যদিকে সভ্য মানুষের দৃষ্টিভঙ্গি, ধ্যান-ধারণা ও চিন্তার বৈচিত্র্যের কারণে তাদের পক্ষে একই অবস্থানে আসা কঠিন হয়ে পড়ে।
বিষয়টি অনেকটা ‘নদীর এ কূল ভাঙে, ও কূল গড়ে’র মতো। দল বেঁধে মানুষ ভুল কথা বলবে, ভুল কাজ করবে। অথচ সেসব ভুল ধরিয়ে দেওয়ার মতো কেউ থাকবে না। কেউ ভুলের প্রতিবাদ করতে গেলে তাকে অপমানিত হতে হবে, এমনকি শারীরিকভাবে আক্রমণের শিকার হওয়ার আশঙ্কাও থাকবে।
আড্ডা একসময় বেশ গম্ভীর হয়ে উঠেছিল। পরিবেশ কিছুটা হালকা করতে গোলাম মোস্তফা নিজের অভিনয়জীবনের একটি অভিজ্ঞতার কথা শোনালেন।
তিনি বলেছিলেন, একবার একটি পোশাকি সিনেমায় অভিনয় করছিলেন। একটি দৃশ্যে তাঁর হাতে ছিল তলোয়ার। শুটিংয়ের আগে পরিচালক এসে তলোয়ারটি উল্টো করে ধরিয়ে দেন। তিনি পরিচালককে বলেছিলেন, এভাবে তলোয়ার ধরলে ভুল হবে। তলোয়ার তো এভাবে ধরতে হয়। কিন্তু পরিচালক কোনো কথা না বলে আবারও তলোয়ারটি উল্টো করে ধরিয়ে দেন।
ঠিক-ভুলের সেই তর্কে তাঁর বড় ধরনের ক্ষতি হয়েছিল। তখন বিষয়টি বুঝতে না পারলেও পরে জানতে পারেন, তিনি পরিচালকের ভুল ধরেছেন—এমন কথা ছড়িয়ে পড়েছে। সেই ঘটনার জেরে প্রায় দেড় বছর নতুন কোনো সিনেমায় অভিনয়ের প্রস্তাব পাননি।
হতাশার সেই সময়ের কথা বলতে গিয়েও হাসছিলেন তিনি। ঠাট্টার ছলে বলেছিলেন, ভাগ্য ভালো যে তিনি পুরোনো শিল্পী ছিলেন। তাই ধমক খেতে হয়নি, ঘাড়ের ওপর মাথাটাও ঠিকঠাক ছিল। শুধু পেটে লাথি পড়েছিল, যা অন্য কারও চোখে পড়ার কথা নয়।
প্রিয় অভিনেতা গোলাম মোস্তফার সেই কথাগুলো মাঝেমধ্যেই মনে পড়ে। আজকাল প্রায়ই মনে হয়, অনেকের হাতেই যেন তলোয়ার উল্টো করে ধরা। কিন্তু কে বলবে, জনাব, তলোয়ারটি ঠিকভাবে ধরুন? কে বলবে সঠিক কথাটি?
একসময় ভুল ধরিয়ে দেওয়ার কারণে একজন অভিনেতার পেটে লাথি পড়েছিল। এখন পরিস্থিতি এমন হয়ে উঠেছে যে, ভুলের প্রতিবাদ করতে গেলে পেটে লাথি নয়, কল্লা ফেলে দেওয়ার আশঙ্কাও তৈরি হতে পারে।
গোলাম মোস্তফার সেই আড্ডার কথাগুলো তাই কেবল একজন অভিনেতার স্মৃতিচারণ নয়; বরং সমাজ, সভ্যতা, জ্ঞানচর্চা ও সত্য বলার সাহস নিয়ে গভীরভাবে ভাবার এক উপলক্ষ।
ভোরের আকাশ/জেআ