ছেলের জন্মদিনে আবেগ প্রকাশ অপুর

আজ ২৭ সেপ্টেম্বর ঢালিউড তারকা শাকিব খান ও অপু বিশ্বাসের একমাত্র ছেলে আব্রাহাম খান জয় এর জন্মদিন। ছেলের বিশেষ দিনে আবেগঘন বার্তা দিয়েছেন মা অপু বিশ্বাস। তবে প্রতিবেদনটি লেখা পর্যন্ত সামাজিক যোগাযোগমাধ্যমে ছেলেকে নিয়ে নতুন কোনো পোস্ট দিতে দেখা যায়নি বাবা শাকিব খানকে।
জয়ের জন্মদিন উপলক্ষে ছেলের সঙ্গে কেক কাটার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন অপু বিশ্বাস। ছবির সঙ্গে ভালোবাসায় ভরা ক্যাপশনে তিনি লিখেছেন, শুভ জন্মদিন জয় বাবা। তুমি আমার জীবনের সেই মানুষ, যার হাসিতে আমার পৃথিবী আলোকিত হয়। তুমি আমার জীবনের সবচেয়ে সুন্দর উপহার বাবা। শুভ জন্মদিন।” শেষে ছেলের জন্য দোয়া চেয়ে লিখেছেন, “মাশাআল্লাহ।

জয়কে ঘিরে ভক্তদের আগ্রহ অবশ্য নতুন নয়। ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর জন্ম নেয় আব্রাহাম খান জয়। জন্মের পর থেকেই তারকা-সন্তান হিসেবে আলোচনায় রয়েছে সে। প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী, বিশেষ দিনগুলোতে বাবার সঙ্গেও সময় কাটাতে দেখা যায় জয়কে। গত বছর জন্মদিনে শাকিব খান ছেলের সঙ্গে যুক্তরাষ্ট্রে ঘোরাঘুরির একটি ভিডিও প্রকাশ করে আবেগঘন শুভেচ্ছা জানিয়েছিলেন।
শাকিব খান ও অপু বিশ্বাস ২০০৮ সালে বিয়ে করেন। দীর্ঘদিন বিষয়টি গোপন থাকার পর ২০১৭ সালে প্রকাশ্যে আসে তাঁদের বিয়ে ও সন্তানের খবর। পরের বছর তাঁদের দাম্পত্য জীবনের সমাপ্তি ঘটে। তবে তাঁদের একমাত্র সন্তান জয়কে ঘিরে দুজনের যোগাযোগ ও পারিবারিক মুহূর্ত মাঝেমধ্যে সামনে এসেছে।
জয়ের জন্মদিন তাই শুধু একটি তারকা-সন্তানের বিশেষ দিন নয়, শাকিব-অপুর ব্যক্তিজীবন নিয়েও ভক্তদের কৌতূহলের উপলক্ষ। এবার অপুর ভালোবাসামাখা পোস্টের পর সবার নজর শাকিব খানের পরবর্তী শুভেচ্ছাবার্তার দিকে।
ভোরের আকাশ/জেআ