বাঁশির সুরে আজও অমলিন বারী সিদ্দিকী

বাংলা লোকসংগীতের ভুবনে স্বতন্ত্র কণ্ঠ ও বাঁশির সুরে শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন বারী সিদ্দিকী। তাঁর দরদভরা কণ্ঠে গাওয়া ‘শুয়াচান পাখি’ কিংবা ‘আমার গায়ে যত দুঃখ সয়’ আজও সংগীতপ্রেমীদের আবেগে নাড়া দেয়। প্রয়াণের নয় বছর পেরিয়ে গেলেও গান ও সুরের মধ্য দিয়ে শ্রোতাদের কাছে অমলিন হয়ে আছেন এই গুণী শিল্পী।
আজ ২৪ নভেম্বর, বারী সিদ্দিকীর নবম মৃত্যুবার্ষিকী। ২০১৭ সালের এই দিনে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর মৃত্যুতে বাংলা সংগীতাঙ্গনে তৈরি হয় এক অপূরণীয় শূন্যতা।
১৯৫৪ সালের ১৫ নভেম্বর নেত্রকোনা জেলার এক সংগীতানুরাগী পরিবারে জন্মগ্রহণ করেন বারী সিদ্দিকী। ছোটবেলা থেকেই সংগীতের প্রতি ছিল তাঁর গভীর আগ্রহ। মাত্র পাঁচ বছর বয়সে বড় ভাইয়ের বাঁশি বাজানো দেখে এই বাদ্যযন্ত্রের প্রতি আকৃষ্ট হন তিনি। মায়ের কাছে গানে হাতেখড়ির পর ১২ বছর বয়সে ওস্তাদ গোপাল দত্তের কাছে আনুষ্ঠানিক সংগীতশিক্ষা শুরু করেন। পরে ওস্তাদ আমিনুর রহমান ও দবির খানের কাছেও তালিম নেন।
বংশীবাদক হিসেবেই সংগীতজগতে তাঁর পথচলা শুরু। বাঁশির ওপর উচ্চাঙ্গসংগীতের প্রশিক্ষণ নিতে ভারতের পুনেতে পণ্ডিত ভি জি কর্ণাডের কাছেও যান তিনি। দেশ-বিদেশে বাঁশি বাজিয়ে প্রশংসা অর্জন করেন এই শিল্পী। ফ্রান্স, সুইজারল্যান্ড, মালয়েশিয়া, পাকিস্তান, ইরান ও সিঙ্গাপুরসহ বিভিন্ন দেশে বাঁশি পরিবেশন করেছেন তিনি।
তবে কণ্ঠশিল্পী হিসেবে তাঁর ব্যাপক পরিচিতি আসে কথাসাহিত্যিক ও চলচ্চিত্র নির্মাতা হুমায়ূন আহমেদের হাত ধরে। ১৯৯৯ সালে হুমায়ূন আহমেদ পরিচালিত ‘শ্রাবণ মেঘের দিন’ চলচ্চিত্রে গান গেয়ে দেশজুড়ে পরিচিতি পান বারী সিদ্দিকী। ছবিতে তাঁর গাওয়া ‘শুয়াচান পাখি’ ও ‘আমার গায়ে যত দুঃখ সয়’ গান দুটি শ্রোতাদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পায়।
এরপর ‘পুবালি বাতাসে’, ‘লীলুয়া বাতাসে’, ‘আমার মন্দ স্বভাব’ ও ‘দিন রাত্রির হয় না মিলন’সহ বেশ কিছু গান শ্রোতাদের মনে জায়গা করে নেয়। লোকজ, মরমি ও আধ্যাত্মিক গানের পাশাপাশি বিরহ ও জীবনবোধের অনুভূতি তাঁর গানে বিশেষভাবে ফুটে উঠেছে।
সংগীতচর্চার পাশাপাশি লোকসংগীতের ঐতিহ্য ধরে রাখার উদ্যোগও নিয়েছিলেন বারী সিদ্দিকী। নেত্রকোনায় প্রতিষ্ঠা করেন ‘বাউলবাড়ি’। লোকসংগীতের চর্চা ও গবেষণার মধ্য দিয়ে এই ধারাকে এগিয়ে নেওয়াই ছিল তাঁর স্বপ্ন।
শিল্পীর প্রয়াণ দিবস উপলক্ষে তাঁকে স্মরণ করে বিশেষ সংগীতানুষ্ঠান প্রচারের আয়োজন করেছে বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভি। মঙ্গলবার সকাল ৮টায় সরাসরি সম্প্রচারিত এ আয়োজনে সংগীত পরিবেশন করবেন বারী সিদ্দিকী স্মৃতি পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি প্রিন্স আলমগীর। অনুষ্ঠানটি এনটিভির ইউটিউব চ্যানেল ও সামাজিক যোগাযোগমাধ্যমেও দেখা যাবে।
বারী সিদ্দিকী শারীরিকভাবে নেই, কিন্তু তাঁর কণ্ঠের আবেগ আর বাঁশির মায়াবী সুর এখনো শ্রোতাদের স্মৃতিতে জীবন্ত। সময় পেরিয়ে গেলেও তাঁর গান বাংলা লোকসংগীতের ভাণ্ডারে বিশেষ স্থান ধরে রাখবে।
ভোরের আকাশ/জেআ