মা হতে চলার অনুভূতি নিয়ে মুখ খুললেন সামান্থা

ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু ও নির্মাতা রাজ নিদিমোরুর সংসারে আসতে চলেছে নতুন অতিথি। জীবনের এই বিশেষ মুহূর্ত ঘিরে দারুণ উচ্ছ্বসিত এই তারকা দম্পতি।
গত বছরের ডিসেম্বরে বিয়ের বন্ধনে আবদ্ধ হওয়ার পর চলতি বছরের জুনে তারা আনুষ্ঠানিকভাবে প্রথম সন্তানের আগমনের সুখবর ভক্তদের সঙ্গে ভাগ করে নেন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে সামান্থা মাতৃত্বের এই নতুন যাত্রা, ভবিষ্যৎ পরিকল্পনা এবং মা হতে চলার অনুভূতি নিয়ে খোলামেলা কথা বলেছেন। তিনি জানান, জীবনের এই নতুন অধ্যায়কে ঘিরে তিনি ভীষণ আনন্দিত এবং অধীর আগ্রহে অপেক্ষা করছেন নতুন অতিথিকে স্বাগত জানানোর জন্য।
ভারতীয় গণমাধ্যম ‘পিংকভিলা’কে দেওয়া সাক্ষাৎকারে নিজের ভালো লাগা প্রকাশ করে সামান্থা বলেন, ‘নিঃসন্দেহে এটি আমার জীবনের সম্পূর্ণ নতুন এবং অত্যন্ত রোমাঞ্চকর এক অনুভূতি। তবে সত্যি বলতে, আমি বহু বছর ধরে এই মুহূর্তটির জন্য অপেক্ষা করছিলাম। আমি সবসময়ই একজন মা হতে চেয়েছি। তাই আমি জানি, এই নতুন জীবনের জন্য আমি আমার শতভাগ উজাড় করে দেব।’
সম্প্রতি সামান্থা অভিনীত ‘মা ইন্টি বাঙ্গারাম’ সিনেমাটি বক্স অফিসে তুমুল ঝড় তুলেছে। ছবিটির ব্যাপক সাফল্যের পর আয়োজিত এক অনুষ্ঠানে প্রথমবারের মতো এই অভিনেত্রীর ‘বেবি বাম্প’ ভক্তদের নজরে আসে। পরবর্তীতে তিনি নিজেই গণমাধ্যমের কাছে মা হতে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
গর্ভকালীন এই সময়টি তাকে মানসিকভাবে আরও শক্তিশালী করে তুলেছে জানিয়ে সামান্থা বলেন, ‘আমি সবসময়ই জীবনের প্রতিটি বিষয় নিয়ে ভীষণ আবেগপ্রবণ ও উৎসাহী ছিলাম। কিন্তু এখন আমি নিজের ভেতরে অন্যরকম এক শক্তি ও নতুন জীবনের উদ্দেশ্য খুঁজে পাচ্ছি। আমি এই নতুন যাত্রাটির দিকে গভীর আগ্রহে তাকিয়ে আছি। প্রতিটি দিন নতুন কিছু শিখছি, মনটা এক অদ্ভুত কৃতজ্ঞতায় ভরে উঠছে এবং আগামীতে যা কিছু আসবে, তা সানন্দে গ্রহণ করার জন্য নিজেকে প্রস্তুত করছি।’
উল্লেখ্য, সামান্থা রুথ প্রভু এর আগে অভিনেতা নাগা চৈতন্যর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। ২০১৭ সালে গোয়ায় জাঁকজমকপূর্ণ আয়োজনে বিয়ে করলেও ২০২১ সালে তাদের বিচ্ছেদ ঘটে। অন্যদিকে নির্মাতা রাজ নিদিমোরু পূর্বে শ্যামলী দে-র সঙ্গে বিবাহিত ছিলেন।
ভোরের আকাশ/জেআ