জবির মঞ্চ মাতাতে আসছেন নগরবাউল জেমস

আবারও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে এক দশক পর মঞ্চে উঠছেন নগরবাউল জেমস। বিশ্ববিদ্যালয়ের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামী ২ নভেম্বর আয়োজিত অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন জনপ্রিয় এই রকস্টার। সন্ধ্যা সাড়ে ৬টায় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে তার বহুল প্রতীক্ষিত কনসার্ট। জেমসের আগমন ঘিরে ইতোমধ্যে ক্যাম্পাসের শিক্ষার্থীদের মধ্যে তৈরি হয়েছে বাড়তি উন্মাদনা।
সর্বশেষ ২০১৬ সালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মঞ্চে গান পরিবেশন করেছিলেন জেমস। দীর্ঘ ১০ বছর পর আবারও প্রিয় শিল্পীকে ক্যাম্পাসে পাওয়ার খবরে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। তার জনপ্রিয় গানগুলো সরাসরি উপভোগের অপেক্ষায় রয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। গত ২৮ অক্টোবর বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রকাশিত অনুষ্ঠানসূচি থেকে জানা গেছে এসব তথ্য।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের কর্মসূচি অনুযায়ী, সকালে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিকতা শুরু হবে। এরপর জাতীয় সংগীত পরিবেশন, বেলুন ও পায়রা উড়িয়ে দিবসের উদ্বোধন এবং প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হবে। এ ছাড়া চারুকলা অনুষদের উদ্যোগে চিত্রকর্ম প্রদর্শনী ও আলোচনা সভার আয়োজন রাখা হয়েছে।
দিবসটি উপলক্ষে বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। পরে বিজ্ঞান ভবন প্রাঙ্গণে শুরু হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগ ও নাট্যকলা বিভাগের পাশাপাশি জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক কেন্দ্র, আবৃত্তি সংসদ, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, রক্তধুনী এবং ব্যান্ড মিউজিক অ্যাসোসিয়েশন অংশ নেবে। সাংস্কৃতিক আয়োজনের শেষ পর্বে মঞ্চে উঠবেন নগরবাউল জেমস। তার পরিবেশনার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন পাবে ভিন্ন মাত্রা—এমন প্রত্যাশা শিক্ষার্থীদের।
এদিকে, বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন নির্বিঘ্ন করতে আগামী ২ ও ৩ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের সব ইনস্টিটিউট ও বিভাগে পরীক্ষা না রাখার অনুরোধ জানিয়েছে প্রশাসন। এ বিষয়ে প্রকাশিত বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কথা বলা হয়েছে।
ভোরের আকাশ/জেআ