ঢাকাই সিনেমায় বলিউড তারকা মুকেশ ঋষির অভিষেক

বলিউডে খলচরিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকের কাছে পরিচিত মুখ মুকেশ ঋষি এবার দেখা যাবে বাংলাদেশের সিনেমায়। আরশাদ আদনানের প্রযোজনায় ও মোহাম্মদ ইকবালের পরিচালনায় নির্মিতব্য ‘নসিব’ সিনেমায় প্রধান খলনায়কের ভূমিকায় অভিনয় করতে যাচ্ছেন এই অভিনেতা। এতে নতুন করে আলোচনায় এসেছে সিনেমাটির কাস্টিং।
সেই ছবির শুটিং করতে আজ সকালে বাংলাদেশে পৌঁছেছেন মুকেশ ঋষি। বিমানবন্দরে তাকে স্বাগত জানান সিনেমাটির প্রযোজক আরশাদ আদনান।
‘প্রিয়তমা’ ছবির এ প্রযোজক জানান, ‘নসিব’ সিনেমার শুটিংয়ে অংশ নিতেই বাংলাদেশে এসেছেন মুকেশ ঋষি। প্রায় এক সপ্তাহ দেশে অবস্থান করবেন। এ সময় সিনেমাটির গুরুত্বপূর্ণ কয়েকটি অ্যাকশন দৃশ্যের শুটিংয়ে অংশ নেবেন এই অভিনেতা।
এদিকে ছবির পরিচালক মোহাম্মদ ইকবাল বলেন, “আমরা এখন ‘নসিব’ সিনেমার দ্বিতীয় লটের শুটিংয়ের জন্য বগুড়ায় আছি। মুকেশ ঋষি সেখানে শুটিংয়ে অংশ নিতে রওনা দিয়েছেন। আশা করছি তার সঙ্গে কাজের ভালো অভিজ্ঞতা হবে।”
পরিচালক আরও জানান, সিনেমাটির প্রথম ধাপের শুটিং ইতিমধ্যে কক্সবাজারের বিভিন্ন লোকেশনে সম্পন্ন হয়েছে। এবার শুরু হয়েছে দ্বিতীয় ধাপের শুটিং। এই পর্বের কাজেই যুক্ত হচ্ছেন বলিউডের পরিচিত মুখ মুকেশ ঋষি।
বলিউডে খলনায়ক হিসেবে বিশেষ পরিচিতি রয়েছে মুকেশ ঋষির। গম্ভীর কণ্ঠস্বর, সুঠাম শারীরিক গঠন এবং ভয়ংকর সব চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে তিন দশকের বেশি সময় ধরে দর্শকদের কাছে নিজের আলাদা অবস্থান তৈরি করেন তিনি।
অমিতাভ বচ্চনের সঙ্গে ‘সূর্যবংশম’, ‘লাল বাদশাহ’ ও ‘কোহরাম’ সিনেমায় অভিনয় করেছেন মুকেশ। সালমান খানের সঙ্গে তার উল্লেখযোগ্য সিনেমা ‘জুড়ওয়া’, ‘বন্ধন’ ও ‘গর্ব: প্রাইড অ্যান্ড অনার’। এ ছাড়া আমির খানের ‘সারফারোশ’ সিনেমায় ইন্সপেক্টর সেলিম চরিত্রে অভিনয় করেও প্রশংসা কুড়িয়েছেন তিনি। ‘গুন্ডা’ সিনেমার বুল্লা চরিত্রটিও তাকে বিশেষ পরিচিতি এনে দেয়।
তবে মুকেশ ঋষির অভিনয়জীবন শুধু হিন্দি সিনেমায় সীমাবদ্ধ নয়। তেলুগু, তামিল, কন্নড়, মালয়ালম ও পাঞ্জাবি চলচ্চিত্রেও অভিনয় করেছেন তিনি। নব্বইয়ের দশক থেকে বিভিন্ন ভাষার চলচ্চিত্রে নিয়মিত কাজ করছেন এই অভিনেতা।
এবার প্রথমবারের মতো বাংলাদেশের সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে তার ক্যারিয়ারে যুক্ত হতে যাচ্ছে নতুন এক অধ্যায়।
ভোরের আকাশ/জেআ