আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে রিমান্ডে জাহের আলভী

স্ত্রী ইকরার আত্মহত্যার ঘটনায় দায়ের করা আত্মহত্যায় প্ররোচনার মামলায় ছোট পর্দার অভিনেতা জাহের আলভীকে দুই দিনের রিমান্ডে নেয়ার অনুমতি দিয়েছেন আদালত। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীর শুনানি শেষে বুধবার (২৪ জুন) এ আদেশ দেন।
এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের মিরপুর জোনাল টিমের পরিদর্শক আব্দুল মালেক জাহের আলভীর ১০ দিনের রিমান্ড আবেদন করেন। আদালত গত ২১ জুন ওই আবেদনের শুনানির জন্য এদিন ধার্য করেছিলেন।
মামলার তদন্তসংশ্লিষ্ট আবেদনে বলা হয়েছে, ইকরাকে উদ্দেশ্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন সময় অপমানজনক ও উস্কানিমূলক পোস্ট করতেন জাহের আলভী। এছাড়া বিবাহিত থাকা অবস্থায় অন্য এক নারীর সঙ্গে ছবি প্রকাশ করে বিভিন্ন মন্তব্যও করেছেন বলে অভিযোগ রয়েছে। তদন্তের স্বার্থে এবং মামলার বিভিন্ন বিষয় যাচাই-বাছাইয়ের জন্য রিমান্ড প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করা হয়।
এর আগে ১৮ জুন আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেছিলেন জাহের আলভী। তবে শুনানি শেষে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। গত ১ মার্চ মিরপুরের একটি বাসা থেকে জাহের আলভীর স্ত্রী ইকরাকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় উদ্ধার করা হয়। পরে তাকে কুর্মিটোলা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পর পুলিশ বাসা থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করে এবং আইনি প্রক্রিয়া সম্পন্ন করে।
এ ঘটনায় ইকরার মামা শেখ তানভীর আহমেদ মামলা দায়ের করেন। মামলায় জাহের আলভীর পাশাপাশি তার মা নাসরিন সুলতানা শিউলিকেও আসামি করা হয়েছে। দীর্ঘদিনের পারিবারিক কলহ ও নির্যাতনের কারণে ইকরা আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে।
ভোরের আকাশ/জেআ