প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

প্রতিযোগিতা করার জন্য নয়, রাজত্ব করার জন্যই জন্ম—এমন আত্মবিশ্বাসী ক্যাপশনে নিজের কয়েকটি ছবি প্রকাশ করে আলোচনায় এসেছেন অভিনেত্রী মন্দিরা চক্রবর্তী। ঝলমলে রুপালি-সোনালি রঙের কারুকাজ করা পোশাক, নজরকাড়া গয়না আর অভিজাত সাজে তার উপস্থিতি ছবিগুলোকে দিয়েছে আলাদা মাত্রা।
শনিবার (২১ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিগুলো প্রকাশের পর ক্যাপশনটিও নজর কেড়েছে ভক্তদের।
ছবিতে মন্দিরাকে দেখা গেছে মুক্তা ও পাথরের সূক্ষ্ম কারুকাজে সাজানো গাউনে। পোশাকের নকশা, কাঁধের ঝুলন্ত অলংকার, কানের দুল ও হাতের গয়নায় ফুটে উঠেছে আভিজাত্য। সিঁড়ির পাশে কখনো বসে, কখনো দাঁড়িয়ে ক্যামেরায় পোজ দিয়েছেন অভিনেত্রী। পুরো সাজে ছিল গ্ল্যামার ও আত্মবিশ্বাসের ছাপ।
তবে, শুধু ফ্যাশনেবল উপস্থিতিই নয়, ক্যাপশনের বক্তব্যও আলাদা করে নজর কেড়েছে। ‘প্রতিযোগিতা নয়, রাজত্ব’—এমন বার্তায় নিজের আত্মবিশ্বাসী অবস্থানই তুলে ধরেছেন মন্দিরা। যদিও ক্যাপশনটি দিয়ে নির্দিষ্ট কাউকে উদ্দেশ্য করেছেন কি না, সে বিষয়ে কিছু জানাননি তিনি।
এদিকে, বড় পর্দায় দীর্ঘদিন নতুন কোনো সিনেমায় দেখা না গেলেও অভিনয় থেকে দূরে নেই এই অভিনেত্রী। বরং নতুন কাজের প্রস্তুতি নিয়েই ব্যস্ত সময় পার করছেন। সম্প্রতি গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, তার হাতে রয়েছে দুটি সিনেমা। এর মধ্যে একটির শুটিং চলতি বছর শুরু হওয়ার কথা, অন্যটির কাজ শুরু হতে পারে আগামী বছর। নতুন চরিত্রের জন্য রিহার্সালের পাশাপাশি নিয়মিত অভিনয়ের প্রশিক্ষণও নিচ্ছেন তিনি। প্রতি মাসেই অংশ নিচ্ছেন অভিনয়ের ক্লাসে।
২০২৪ সালে গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ‘কাজলরেখা’ সিনেমার নাম ভূমিকায় অভিনয়ের মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক হয় মন্দিরার। প্রথম সিনেমাতেই দর্শকের নজর কাড়েন তিনি। এরপর ২০২৫ সালের ঈদে মুক্তি পাওয়া ‘নীলচক্র’ সিনেমায় আরিফিন শুভর বিপরীতে অভিনয় করেন। সিনেমাটির পর বড় পর্দায় নতুন কোনো কাজে দেখা যায়নি তাকে।
অভিনয় নিয়ে নিজের পরিকল্পনা প্রসঙ্গে এর আগে মন্দিরা জানিয়েছিলেন, মসলাধর্মী বাণিজ্যিক সিনেমায় কাজ করার ইচ্ছা রয়েছে তার। নাচের প্রতি বিশেষ আগ্রহ থাকলেও এখন পর্যন্ত সিনেমায় সেই দক্ষতা দেখানোর সুযোগ খুব একটা পাননি। রোমান্টিক গানের পাশাপাশি আইটেম গানেও নিজেকে উপস্থাপন করতে চান তিনি।
সব মিলিয়ে নতুন সিনেমার প্রস্তুতি আর সামাজিক যোগাযোগমাধ্যমে গ্ল্যামারাস উপস্থিতি—দুই দিক থেকেই আলোচনায় রয়েছেন মন্দিরা।
ভোরের আকাশ/এনএস