ঘনিষ্ঠ দৃশ্যের আপত্তির কারণে উপেক্ষিত হন বলে দাবি নৌহীদ সিরুসীর

একসময় একাধিক সিনেমায় অভিনয় করলেও বলিউডে বড় তারকা হয়ে উঠতে পারেননি অভিনেত্রী নৌহীদ সিরুসী। বর্তমানে তিনি বড়পর্দা থেকে অনেকটাই দূরে আছেন। তবে ইন্ডাস্ট্রিতে কাজের পরিবেশ নিয়ে তার রয়েছে ক্ষোভ ও অভিমান। সম্প্রতি একটি ভিডিও প্রকাশ করে তিনি জানিয়েছেন, কেন তিনি ধীরে ধীরে অভিনয় জগৎ থেকে সরে এসেছেন।
নৌহীদের অভিযোগ, সিনেমার চুক্তির সময় অনেক ক্ষেত্রেই ধরে নেওয়া হয় যে অভিনেতা-অভিনেত্রীরা ঘনিষ্ঠ বা চুম্বন দৃশ্যে অভিনয়ে রাজি থাকবেন। কিন্তু এই ধরনের দৃশ্যে তিনি সবসময়ই আপত্তি জানিয়েছেন।
তার ভাষায়, “এখন প্রয়োজন না থাকলেও অনেক সময় জোর করে এই ধরনের দৃশ্য রাখা হয়, যা আমার কাছে অস্বস্তিকর। শুধু বিনোদনের জন্য অতিরিক্ত ঘনিষ্ঠ দৃশ্য দেখানো হয়, যা সবসময় প্রয়োজনীয় বলে মনে করি না।”
অভিনেত্রীর দাবি, এই অবস্থানের কারণেই তিনি একাধিক কাজের সুযোগ হারিয়েছেন। এমনও হয়েছে যে, তিনি নির্দিষ্ট দৃশ্যে স্বাচ্ছন্দ্যবোধ করছেন না জানতে পারার পর প্রস্তাব নিয়ে আলোচনার আগেই তাকে বাদ দেওয়া হয়েছে।
এছাড়াও পারিশ্রমিক নিয়েও গুরুতর অভিযোগ তুলেছেন নৌহীদ সিরুসী। তার দাবি, কিছু প্রযোজক কাজ করানোর পর যথাযথ পারিশ্রমিক দেননি। এসব অভিজ্ঞতার পরই ধীরে ধীরে তিনি ইন্ডাস্ট্রি থেকে দূরে সরে যাওয়ার সিদ্ধান্ত নেন।
বর্তমানে অভিনয়ের বাইরে নিজের ব্যক্তিগত জীবনকে প্রাধান্য দিচ্ছেন এই অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তিনি এখনো অনুরাগীদের সঙ্গে যোগাযোগ রাখছেন। তার এই খোলামেলা বক্তব্য আবারও বিনোদন জগতের ভেতরের বাস্তবতাকে সামনে নিয়ে এসেছে।
ভোরের আকাশ/সু.পা