ট্রাম্পের এক মন্তব্যে ভারতের শেয়ারবাজারে বড় ধস

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে শান্তি চুক্তি কার্যত শেষ বলে মন্তব্য করার পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়েছে। এর প্রভাবে ভারতের শেয়ারবাজারে তিন মাসের মধ্যে সবচেয়ে বড় একদিনের পতন হয়েছে।
বুধবার (৮ জুলাই) লেনদেন শেষে ভারতের প্রধান শেয়ার সূচক নিফটি-৫০ ২ দশমিক ১২ শতাংশ কমে ২৩ হাজার ৮৮২ দশমিক ৫ পয়েন্টে এবং বিএসই সেনসেক্স ২ দশমিক ১৫ শতাংশ কমে ৭৬ হাজার ৫০৩ দশমিক ৬ পয়েন্টে নেমে আসে। উভয় সূচকের জন্য এটি তিন মাসেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে বড় দৈনিক পতন।
ট্রাম্পের মন্তব্যের পর মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ইরান জানায়, হরমুজ প্রণালিতে ট্যাংকারে হামলার জবাবে যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালানোর পর তারা বাহরাইন ও কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা করেছে। এতে বৈশ্বিক জ্বালানি সরবরাহ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
এদিকে ভারতীয় রুপির মানও কমেছে। ডলারের বিপরীতে রুপির মূল্য ০ দশমিক ৬২ শতাংশ কমে ৯৫ দশমিক ৫৫৫০ রুপিতে দাঁড়িয়েছে। একই সঙ্গে সরকারি বন্ডের দামও কমেছে।
ভোরের আকাশ/এনএ