মধ্যপ্রাচ্যে অশান্তির জন্য ইরান দায়ী: মিসর

মার্কিন হামলার জবাবে কুয়েত ও বাহরাইনসহ উপসাগরীয় আরব দেশগুলোতে ইরানের হামলার তীব্র নিন্দা জানিয়েছে মিসর। কায়রো বলেছে, এ ধরনের হামলা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি এবং কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
পারস্য উপসাগরীয় আরব দেশগুলোর ওপর ইরানের সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা জানিয়েছে মিসর। দেশটি হামলাকে সংশ্লিষ্ট রাষ্ট্রগুলোর সার্বভৌমত্বের চরম লঙ্ঘন এবং মধ্যপ্রাচ্যের শান্তি ও স্থিতিশীলতার জন্য গুরুতর হুমকি বলে অভিহিত করেছে।
বুধবার (৮ জুলাই) মিসরের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, আরব ভ্রাতৃপ্রতিম দেশগুলোর নিরাপত্তা বিপন্ন করে—এমন যেকোনো পদক্ষেপকে কায়রো দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করে। একই সঙ্গে সব পক্ষকে সংযম প্রদর্শন এবং উত্তেজনা কমানোর আহ্বান জানানো হয়।
বিবৃতিতে কুয়েত ও বাহরাইনের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করে মিসর জানায়, দেশ দুটির নিরাপত্তার প্রতি যেকোনো হুমকির বিরুদ্ধে তারা পাশে থাকবে।
মিসরের পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, উপসাগরীয় অঞ্চলের স্থিতিশীলতা শুধু সংশ্লিষ্ট দেশগুলোর নয়, বরং মিসরের জাতীয় নিরাপত্তা এবং পুরো অঞ্চলের নিরাপত্তার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত।
ইরানের সাম্প্রতিক হামলার সমালোচনা করে বিবৃতিতে বলা হয়, এ ধরনের হামলার পক্ষে কোনো যৌক্তিক কারণ বা অজুহাত থাকতে পারে না।
ভোরের আকাশ/এনএ