নয়াপল্টন এলাকায় এসি বিস্ফোরণে মেকানিকের মৃত্যু

রাজধানীর নয়াপল্টন এলাকায় এসি বিস্ফোরণে জীবন বর্মন (২৫) নামে এক মেকানিকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) আনুমানিক সকাল সাড়ে ১০টার দিকে নয়াপল্টনের ‘এমআই ইঞ্জিনিয়ারিং প্লাস’ নামে একটি দোকানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জীবন বর্মন গাইবান্ধা সদর উপজেলার ভাটপাড়া গোপালপুর গ্রামের সচিন বর্মনের ছেলে।
নিহতের ভাই অনিক বর্মন জানান, সকালে কর্মস্থলে এসি মেরামতের কাজ করছিলেন জীবন। কাজ করার একপর্যায়ে হঠাৎ এসিটির কম্প্রেসর বা সিলিন্ডার বিস্ফোরিত হলে তিনি গুরুতর আহত হন। পরে সহকর্মীরা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে দুপুর ১২টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি ইতোমধ্যে সংশ্লিষ্ট থানায় অবহিত করা হয়েছে।
ভোরের আকাশ/জেআ