জাতীয় সেমিনারে দেশীয় প্রজাতির বৃক্ষরোপণে গুরুত্বারোপ

জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচিকে আরও কার্যকর ও পরিবেশবান্ধব করতে দেশীয় প্রজাতির বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ করেছেন বক্তারা। বুধবার (২২ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের কেন্দ্রীয় গ্যালারিতে আয়োজিত ‘জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচি’ বিষয়ক এক সেমিনারে এ আহ্বান জানানো হয়।
বাংলাদেশ বোটানিক্যাল সোসাইটি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের যৌথ উদ্যোগে আয়োজিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী।
বাংলাদেশ বোটানিক্যাল সোসাইটির সভাপতি অধ্যাপক ড. মো. আজিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীববিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. মো. আবদুল করিম। শুভেচ্ছা বক্তব্য দেন উদ্ভিদবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আসফাক আহমদ ও অধ্যাপক ড. মুহাম্মদ নূরুল ইসলাম। সোসাইটির মহাসচিব অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন ‘Rethinking Tree Plantation: Focusing on Native Species’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিভাগের শিক্ষার্থী নাজিয়া হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী বলেন, দেশের বিপন্ন উদ্ভিদ প্রজাতি সংরক্ষণে কার্যকর উদ্যোগ গ্রহণের পাশাপাশি দেশীয় প্রজাতির বৃক্ষরোপণে গুরুত্ব দিতে হবে। একই সঙ্গে রোপণ করা গাছের নিয়মিত পরিচর্যা ও দীর্ঘমেয়াদি রক্ষণাবেক্ষণ নিশ্চিত করার ওপরও তিনি জোর দেন।
তিনি আরও বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সরকারের বৃক্ষরোপণ কর্মসূচির লক্ষ্য বাস্তবায়নে শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সবার সম্মিলিত অংশগ্রহণ প্রয়োজন। এ ধরনের উদ্যোগ বাস্তবায়নে বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখবে বলেও তিনি আশ্বাস দেন।
সেমিনার শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বোটানিক্যাল গার্ডেনে রক্তচন্দন গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।
ভোরের আকাশ/জেআ