আগে রাস্তার জন্য মানুষ জমি দিত, এখন সরকারি জমি দখল হয়: প্রশাসক আব্দুস সালাম

অতীতে এলাকার উন্নয়ন তথা রাস্তাঘাটের জন্য সাধারণ মানুষ নিজেদের জায়গা-জমি ছেড়ে দিলেও বর্তমানে সরকারি জমি দখলের সংস্কৃতি তৈরি হয়েছে বলে আক্ষেপ প্রকাশ করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আবদুস সালাম।
রোববার (১৩ সেপ্টেম্বর) রাজধানীর কদমতলী থানার জাপানি বাজার এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আবদুস সালাম বলেন, আপনাদের প্রয়োজনেই আপনাদের সহযোগিতা চাচ্ছি আমরা। এখানে রাস্তা ও বিদ্যুতের সমস্যা রয়েছে। সেগুলো সরজমিন দেখে ব্যবস্থা নেয়ার জন্য প্রতিমন্ত্রী ও আমাকে পরিদর্শনে পাঠানো হয়েছে। আমরা এই এলাকার উন্নয়ন নিয়ে সমন্বিত পরিকল্পনা করছি।
নগরবাসীকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, বিভিন্ন জায়গায় খাল দখল করে রাখা হয়েছে। মিল-কারখানার সমস্ত আবর্জনা ড্রেনে ফেললে ড্রেন কীভাবে সচল থাকবে? কারখানার আবর্জনা নির্দিষ্ট এক জায়গায় নির্দিষ্ট নিয়মে রাখতে হবে, যাতে পরিচ্ছন্নতাকর্মীরা তা সহজে সরিয়ে নিতে পারে। আমাদের খালগুলো যে কোনো মূল্যে বাঁচিয়ে রাখতে হবে। নিজের নাগরিক দায়িত্ব নিজেদেরই পালন করতে হবে।
সামাজিক সুরক্ষার কথা তুলে ধরে ডিএসসিসি প্রশাসক বলেন, মাদকে আজ সমাজ ভরে গেছে। সামাজিক আন্দোলনের মাধ্যমে এদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে।
বিগত সরকারের অপশাসন ও নীতিগত সিদ্ধান্তের সমালোচনা করে তিনি বলেন, ‘জামায়াত, এনসিপিসহ সব রাজনৈতিক দলই বলছে–অতীতে দেশে ব্যাপক লুটপাট চালিয়ে ব্যাংক খালি করে ফেলা হয়েছে। সাধারণ মানুষ ব্যাংকে টাকা জমা রাখলেও এখন তা ফেরত পাচ্ছে না।
জ্বালানি খাতের দুরবস্থার প্রসঙ্গ টেনে তিনি বলেন, বিগত ১৯ বছর গ্যাসের সমস্যা সমাধানের জন্য কোনো কূপ খনন করা হয়নি। এমনকি সমুদ্র থেকেও গ্যাস উত্তোলনের ব্যবস্থা নেয়া হয়নি। ফলে এক দিনে এই সংকটের নিরসন সম্ভব নয়। কেন তা করা হয়নি? কারণ ছিল নির্দিষ্ট একটি প্রতিবেশী রাষ্ট্র ও অবৈধ ব্যবসায়ীদের বিশেষ সুবিধা দেয়া। তাদের সুবিধা দিতে গিয়েই দেশের জ্বালানি খাতকে পিছিয়ে রাখা হয়েছে।
বিদ্যুৎ খাতের ভারতীয় কোম্পানি আদানির সঙ্গে চুক্তি নিয়ে আবদুস সালাম বলেন, বিগত সরকারের আমলে ভারতীয় যে কোম্পানি বিদ্যুতের কনট্রাক্ট নিয়েছিল, তারা আজ দেশের কিছু কিছু জায়গায় হঠাৎ বিদ্যুৎ বন্ধ করে দিয়েছে।
এসব সমস্যা সমাধানে সিটি করপোরেশন এবং সরকারের পাশাপাশি সাধারণ জনগণের প্রত্যক্ষ সহযোগিতা কামনা করেন তিনি।
কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন দায়িত্বপ্রাপ্ত ঢাকা ৪ আসনের সংরক্ষিত মহিলা সংসদ সদস্য সুলতানা, ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিন, যুগ্ম আহবায়ক হাজী মনির হোসেন চেয়ারম্যান, ও হাজী মীর হোসেন মিরুসহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।
ভোরের আকাশ/এনএস