হাইড্রোলিক হর্ন-বিকন লাইট বন্ধে কঠোর হচ্ছে ডিএমপি

রাজধানীতে অনুমোদনহীন হুটার, হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট ব্যবহার বন্ধে আগামী ১ ডিসেম্বর থেকে কঠোর অভিযান শুরু করতে যাচ্ছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
মঙ্গলবার (১৭ নভেম্বর) ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদের স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এই আল্টিমেটাম দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর বিভিন্ন যানবাহনে অননুমোদিতভাবে হাইড্রোলিক হর্ন, উচ্চ শব্দ সৃষ্টিকারী হর্ন ও বিকন লাইট সংযোজন এবং ব্যবহার করা হচ্ছে। এসব সরঞ্জামের অনিয়ন্ত্রিত ব্যবহারে শব্দদূষণ বাড়ছে, জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছে এবং সড়কে স্বাভাবিক যান চলাচল ও ট্রাফিক ব্যবস্থাপনায় বিঘ্ন ঘটছে।নতুন ভাষা শিখুন
এ ছাড়া অতিরিক্ত শব্দের কারণে নারী, শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ওপর বিরূপ প্রভাব পড়ছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আগামী ১ ডিসেম্বর থেকে ঢাকা মহানগরীতে অনুমোদনহীন হর্ন, হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট সংযোজন বা ব্যবহারকারী যানবাহনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হবে। এ পরিপ্রেক্ষিতে নির্ধারিত সময়ের আগেই সংশ্লিষ্ট সব যানবাহন থেকে এসব অননুমোদিত সরঞ্জাম সরিয়ে নেওয়ার জন্য মালিক ও চালকদের অনুরোধ করা হয়েছে।নতুন ভাষা শিখুন
নির্ধারিত সময়ের পর কোনো যানবাহনে এসব অননুমোদিত সরঞ্জাম সংযোজিত বা ব্যবহৃত অবস্থায় পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইন ও বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মহানগরীর সড়কে শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করা, শব্দদূষণ নিয়ন্ত্রণ এবং জনস্বার্থ সংরক্ষণে ডিএমপি বদ্ধপরিকর। এ উদ্যোগ সফল করতে নাগরিক, যানবাহনের মালিক ও চালকসহ সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতা কামনা করেছে পুলিশ।
ভোরের আকাশ/আ.র