রাজধানীতে ওয়ারী ও হাতিরপুলে ককটেল বিস্ফোরণ, আটক ১

রাজধানীর ওয়ারী ও হাতিরপুল এলাকায় পৃথক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে এবং এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। দুটি ঘটনার কোনোটিতেই হতাহতের খবর পাওয়া যায়নি।
শুক্রবার (২৭ নভেম্বর) বিকেল থেকে সন্ধ্যার মধ্যে আবেদ আলী উচ্চ বিদ্যালয়ের সামনে এবং ইস্টার্ন প্লাজার সামনে এসব বিস্ফোরণ ঘটে। দুটি ঘটনায় কেউ হতাহত হয়নি।
ওয়ারী থানার পরিদর্শক (অপারেশন) মোস্তাফিজুর রহমান সমকালকে বলেন, বিকেল সাড়ে তিনটার দিকে আবেদ আলী উচ্চ বিদ্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায়। দুর্বৃত্তরা বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। তাদের শনাক্তের চেষ্টা চলছে।
সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে রাজধানীর হাতিরপুল এলাকায় ইস্টার্ন প্লাজার সামনে দুটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। এ সময় পালিয়ে যাওয়ার চেষ্টা করলে একজনকে আটক করে পুলিশ। তাকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
রাতে সমকালকে এ তথ্য নিশ্চিত করেন কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলে আশিক। তিনি জানান, ইস্টার্ন প্লাজার সামনে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনায় কাউকে হতাহত হতে হয়নি। ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।
ভোরের আকাশ/আ.র