রাজধানীর ছয় রুটে বাস চলাচলে নতুন নিয়ম

রাজধানীর গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে কোম্পানিভিত্তিক বাস চালুর উদ্যোগ অবশেষে বাস্তবায়নের পথে। দীর্ঘ ১১ বছর পর বাস রুট রেশনালাইজেশন কার্যক্রমের আওতায় ঢাকার ছয়টি রুটে বড় পরিসরে চালু হচ্ছে কোম্পানিভিত্তিক বাস। রোববার (১ নভেম্বর) বেলা ১১টায় মানিক মিয়া অ্যাভিনিউ থেকে এ কার্যক্রমের উদ্বোধন করা হবে।
গত ৮ অক্টোবর বৈঠক করে প্রধানমন্ত্রী তারেক রহমান গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে ছয় মাসের মধ্যে বাস রুট রেশনালাইজেশন সম্পন্ন করার নির্দেশ দেন। এ পদ্ধতিতে রাজধানীতে বিদ্যমান ৯৮টি বাস রুটকে পুনর্বিন্যাস (রেশনালাইজেশন) করে ৩২টিতে নামিয়ে আনা হবে। প্রতি রুটে একটি মাত্র কোম্পানির বাস চলবে। বর্তমানে সেসব কোম্পানির বাস চলছে, সেগুলোকেই একীভূত করে একটি কোম্পানি গঠন করা হবে।
প্রস্তাবিত সূচি অনুযায়ী, আজ বেলা ১১টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ থেকে এ কার্যক্রম উদ্বোধন করা হবে। প্রস্তাবিত রুটগুলোর মধ্যে রয়েছে– গাজীপুরের শিববাড়ী থেকে ঢাকার আজিমপুর, মিরপুর থেকে কেরানীগঞ্জ, কেরানীগঞ্জের ঘাটারচর থেকে ডেমরা, ঘাটারচর থেকে কাঁচপুর, ঘাটারচর থেকে ধউর এবং টঙ্গী থেকে আজিমপুর। রুটভেদে ২০ থেকে ২৫৩টি বাস পরিচালনার পরিকল্পনা করা হয়েছে।
শিববাড়ী থেকে আজিমপুর পর্যন্ত ২৬ দশমিক ৪৭ কিলোমিটার রুটে ২৫৩টি নন-এসি বাস পরিচালনা করবে ভিআইপি পরিবহন। এ রুটে বর্তমানে ভিআইপি ও বিকাশ পরিবহনের বাস চলাচল করছে।
জানা যায়, রাজধানীতে যানজট ও সড়ক দখল করে চলার অন্যতম কারণ বাসে বাসে প্রতিযোগিতা। একই রুটে একাধিক কোম্পানির বাস চলায় এই প্রতিযোগিতা হয়।
এর আগে, ২০২১ সালে ডিসেম্বরে রাজধানীর ঘাটারচর থেকে সাইনবোর্ড পর্যন্ত ২৬ নম্বর রুটে পরীক্ষামূলকভাবে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক বাস চালু করা হয়। বেসরকারি কোম্পানি ট্রান্স সিলভা এবং রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বিআরটিসি যৌথভাবে তা চালু করে। কাউন্টারভিত্তিক ই-টিকিটিং সেবা ছিল। নির্ধারিত স্টপেজ থেকে টিকিট নিয়ে যাত্রীকে নির্ধারিত স্থানে নামতে হতো। কিন্তু এই রুটের অন্যান্য কোম্পানির বাস একীভূত না হওয়ায়, সেবাটি বন্ধ হয়ে যায়।
ভোরের আকাশ/জেআ