আনসারের অভিযানে মতিঝিল মেট্রোরেল স্টেশনে অস্ত্রসহ ছিনতাইকারী আটক

রাজধানীর মতিঝিল মেট্রোরেল স্টেশনের 'এন্ট্রি-এ' গেটে এক নারী যাত্রীর ব্যাগ ধরে টানাটানি করছিল এক ছিনতাইকারী। লিফটের সামনে তাকে ভয়ভীতি প্রদর্শনকালে বিষয়টি স্টেশনটিতে টহল ডিউটিরত আনসার সদস্য মোঃ রাকিবুল ইসলামের নজরে আসে।
সোমবার (৫ অক্টোবর) সন্ধ্যায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহকারী পরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. নাজমুস সাকিব এ তথ্য জানান।
তাৎক্ষণিকভাবে তিনি এপিসি রোকনুজ্জামান ও আনসার শাহীন মিয়াকে সাথে নিয়ে দ্রুত সাহসিকতার সাথে অভিযান পরিচালনা করেন। তাদের ক্ষিপ্রতায় জাকির হোসেন নামে ঐ ছিনতাইকারীকে ঘটনাস্থল থেকেই হাতেনাতে আটক করা সম্ভব হয়। পরে তার দেহ তল্লাশি করে একটি বড় ধারালো ছুরি জব্দ করা হয়।
ঘটনাস্থল থেকে আটকের পর বিষয়টি দ্রুত মতিঝিল মেট্রোরেল স্টেশনের কন্ট্রোলারকে জানানো হয়। পরবর্তীতে স্টেশনের কন্ট্রোলারের প্রত্যক্ষ উপস্থিতিতে আনসার সদস্যরা জব্দকৃত ধারালো অস্ত্রসহ আটককৃত ছিনতাইকারীকে এমআরটি (MRT) পুলিশের নিকট সোপর্দ করেন।
ব্যস্ততম মেট্রোরেল স্টেশনে আনসার সদস্যদের এমন তাৎক্ষণিক সাহসিকতা ও বীরত্বপূর্ণ ভূমিকার কারণে একটি বড় অপরাধ এড়ানো সম্ভব হয়েছে। এই সময়োপযোগী পদক্ষেপের জন্য ভুক্তভোগী নারী এবং উপস্থিত সাধারণ যাত্রীরা আনসার বাহিনীর প্রতি বিশেষ কৃতজ্ঞতা ও গভীর প্রশংসা জ্ঞাপন করেন।
ভোরের আকাশ/ এনউব