রাজধানীতে ডিএমপির অভিযান, গ্রেফতার ৫২১

রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫২১ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময়ে বিভিন্ন ঘটনায় ৪০টি মামলা দায়ের করেছে পুলিশ।
সোমবার (২৩ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগ ৪১ জন, লালবাগ বিভাগ ৪৪ জন, ওয়ারী বিভাগ ৭০ জন, মতিঝিল বিভাগ ৫৭ জন, তেজগাঁও বিভাগ ৬৩ জন, মিরপুর বিভাগ ১৫০ জন, গুলশান বিভাগ ৩৩ জন উত্তরা বিভাগ ৫৭ জন ও গোয়েন্দা বিভাগ ৬ জনকে গ্রেফতার করে।
অভিযানকালে ১ টি বিদেশি রিভলবার, ৬ রাউন্ড তাজা কার্তুজ, ৩ টি বিষ্ফোরিত ককটেলের অংশবিশেষ, ১৮৭২ পিস ইয়াবা, ১৩১ কেজি ৪৫০ গ্রাম গাঁজা, ২৫ পুরিয়া হেরোইন, ৫৩ বোতল কফ সিরাপ (ফেন্সিডিল), ১ টি জিপ গাড়ী, ১২৩৯৫ টাকা, ৯ টি মোবাইলফোন ও একজন ভিকটিম উদ্ধার করা হয়।
আকতার হোসেন বলেন, রোববার (২২ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।
ভোরের আকাশ/জেআ