মিরপুরে ২০টি ককটেল ও ৪১টি মশাল লাঠি উদ্ধার

রাজধানীর মিরপুরের আনসার ক্যাম্প এলাকায় পরিত্যক্ত অবস্থায় ২০টি ককটেল, ৪১টি মশাল লাঠি ও প্রায় দুই লিটার কেরোসিন উদ্ধার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাতে অভিযান চালিয়ে এসব সরঞ্জাম উদ্ধার করে মিরপুর মডেল থানা পুলিশ। পরে উদ্ধার করা ককটেলগুলো দুই দফায় বিস্ফোরণের মাধ্যমে নিষ্ক্রিয় করা হয়।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হাসান মোহাম্মদ নাছের বিকাবদার এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, বুধবার (৪ নভেম্বর) দিবাগত রাতে টহল পুলিশ খবর পায়, মিরপুরের আনসার ক্যাম্প এলাকার সড়কে ককটেল সদৃশ বস্তু ও মশাল লাঠি পড়ে রয়েছে। খবর পেয়ে রাত ১টার দিকে মিরপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।
পরে ঘটনাস্থল থেকে তিনটি কাগজের ব্যাগে থাকা ১৫টি এবং সড়কে পড়ে থাকা আরও পাঁচটি ককটেল উদ্ধার করা হয়। এ ছাড়া বাজারের ব্যাগে রাখা দুটি বোতল থেকে প্রায় দুই লিটার কেরোসিন তেল, ৪১টি মশাল লাঠি ও জড়ো করে রাখা নরম ককশিট উদ্ধার করা হয়।
পুলিশ কর্মকর্তা আরও জানান, রাতেই গর্ত খুঁড়ে দুই দফায় বিস্ফোরণ ঘটিয়ে উদ্ধার করা ২০টি ককটেল নিষ্ক্রিয় করা হয়।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।
ভোরের আকাশ/জেআ