সৌদি সড়ক দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা জামায়াতের

সৌদি আরবে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ সাত বাংলাদেশির প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার (৭ নভেম্বর) দলটির পক্ষ থেকে দেওয়া এক শোকবার্তায় নিহতদের মৃত্যুতে গভীর দুঃখ প্রকাশ করেন সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার।
শোকবার্তায় তিনি বলেন, সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৪ সদস্যসহ সাত বাংলাদেশির মর্মান্তিক নিহত হওয়ার ঘটনা অত্যন্ত বেদনাদায়ক ও হৃদয়বিদারক। এ ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। আমি নিহতদের রূহের মাগফিরাত কামনা করছি এবং মহান আল্লাহর কাছে তাদের জান্নাতুল ফেরদাউস নসিব করার দোয়া করছি।
তিনি শোকসন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, হে মহান রব! তাদের প্রিয়জন হারানোর এই অসহনীয় শোক ও বেদনা সহ্য করার তাওফিক দান করুন। একই সঙ্গে নিহতদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে এনে স্বজনদের কাছে হস্তান্তরের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।
মহান আল্লাহ নিহতদের পরিবার-পরিজনকে ধৈর্য ধারণের তাওফিক দান করুন এবং এই শোক কাটিয়ে ওঠার শক্তি দান করুন।
ভোরের আকাশ/জেআ