হাঁড়ি-পাতিল নিয়ে জামায়াতের বিক্ষোভ

গ্যাস-বিদ্যুৎ ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টার দিকে উত্তর বাড্ডায় হাঁড়ি-পাতিল নিয়ে এ কর্মসূচি করেন দলটির ঢাকা মহানগরী উত্তরের নেতাকর্মী ও সমর্থকেরা।
বিক্ষোভ মিছিলের আগে নেতাকর্মীরা সংক্ষিপ্ত সমাবেশ করেন বলে দলটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
সমাবেশে জামায়াতের ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, “আমরা ব্যক্তিগত দাবিদাওয়া প্রতিষ্ঠা করতে এখানে আসিনি। কোনো রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে কিংবা কোনো দলকে গালিগালাজ করতে বা বিতর্কিত করতেও আসিনি। আমরা এসেছি জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য।’
“বাজারে গিয়ে মানুষের চোখেমুখে হতাশা ও অস্বস্তি দেখা যায়। মানুষের আয় ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মধ্যে কোনোভাবেই সামঞ্জস্য নেই। দফায় দফায় জ্বালানি তেলের দাম বাড়ছে, বিদ্যুতের দাম বাড়ছে, কিন্তু মানুষের আয় সেই অনুপাতে বাড়ছে না।”
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও মহানগরীর সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি ইয়াসিন আরাফাত, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মহানগরীর প্রচার-মিডিয়া সম্পাদক আতাউর রহমান সরকার বিক্ষোভ মিছিলে অংশ নেন।
ভোরের আকাশ/এনএস