সড়ক দুর্ঘটনায় মিলবে আর্থিক সহায়তা, আবেদন যেভাবে

সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তির পরিবার এবং আহত ব্যক্তিকে আর্থিক সহায়তা প্রদান করছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)-র ট্রাস্টি বোর্ড। চালকসহ সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত যে কোনো ব্যক্তি বা তার আইনগত ওয়ারিশ এই সহায়তার জন্য আবেদন করতে পারবেন।
বিআরটিএর নিয়ম অনুযায়ী, দুর্ঘটনা ঘটার ৯০ দিনের মধ্যে 'ফরম-৩২' পূরণ করে সরাসরি চেয়ারম্যান, ট্রাস্টি বোর্ড বরাবর কিংবা বিআরটিএ সার্ভিস পোর্টালের মাধ্যমে অনলাইনে আবেদন জমা দিতে হবে। আজ বৃহস্পতিবার বিআরটিএর ফেসবুক পেজে এসব তথ্য জানানো হয়েছে।
সড়ক পরিবহন বিধিমালা অনুযায়ী দুর্ঘটনার ৯০ দিন পেরিয়ে গেলে আবেদন করার আর কোনো সুযোগ থাকবে না বলে জানিয়েছে বিআরটিএ।
আর্থিক সহায়তার পরিমাণ
মৃত্যুর ক্ষেত্রে পরিবার পাবে অন্যূন পাঁচ লাখ টাকা।
দুর্ঘটনায় অঙ্গহানি হলে অন্যূন তিন লাখ দেবে বিআরটিএ। এ ছাড়া গুরুতর আহত হয়ে স্বাভাবিক জীবনে ফেরার সম্ভাবনা না থাকলে অন্যূন ৩ লাখ এবং স্বাভাবিক জীবনে ফেরার সম্ভাবনা থাকলে অন্যূন এক লাখ টাকা সহায়তা দেওয়া হবে।
আবেদন যাচাই-বাছাই ও অনুমোদন শেষে সহায়তার অর্থ আবেদনকারীর স্ব-নামীয় ব্যাংক হিসাবে সরাসরি চেকের মাধ্যমে প্রদান করা হয়। সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের জরুরি আর্থিক সংকট কাটাতে ও পুনর্বাসনে বিআরটিএ-র এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
ভোরের আকাশ/এনএস