প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে যমুনায় বিএনপি, জামায়াত ও এনসিপি

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসেছে বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শনিবার (১৩ ডিসেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।
বৈঠকে তিনটি রাজনৈতিক দলের দুইজন করে প্রতিনিধি রয়েছে। গুরুত্বপূর্ণ রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনার জন্যই এই বৈঠক আয়োজন করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
বিএনপির প্রতিনিধিদলে রয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এবং অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ।
জামায়াতে ইসলামীর পক্ষে বৈঠকে অংশ নিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এবং সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের।
এনসিপির প্রতিনিধিদলে রয়েছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম এবং মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ।
ভোরের আকাশ/এসএইচ