বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সূচনা ৭ নভেম্বর: জহির উদ্দিন স্বপন

বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা ১৯৭৫ সালের ৭ নভেম্বর শুরু হয়েছিল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) জহির উদ্দিন স্বপন। তিনি বলেছেন, ৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব কেবল একটি ঐতিহাসিক ঘটনা নয়, বরং বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও বহুদলীয় গণতন্ত্র পুনরুদ্ধারের মূল ভিত্তি।
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নিউইয়র্ক স্টেট বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় নিউইয়র্কের জ্যাকসন হাইটসের আড্ডা রেস্টুরেন্ট পার্টি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।
জহির উদ্দিন স্বপন বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ৭ নভেম্বরের চেতনাকে ধারণ করে বিভক্ত জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন। একই সঙ্গে তিনি একটি আত্মনির্ভরশীল ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের সূচনা করেছিলেন।
বর্তমান বৈশ্বিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত রাখা এবং সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। এ সময় প্রবাসী বাংলাদেশিদেরও ৭ নভেম্বরের সংহতির চেতনায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা।
তিনি আরও বলেন, প্রবাসে থেকেও বিএনপির নেতা-কর্মীরা দেশের গণতন্ত্র ও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন।
নিউইয়র্ক স্টেট বিএনপির সভাপতি জসিম উদ্দিনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) কাজী ছাইয়েদুল আলম বাবুল এবং আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নওশাদ জমির এমপি।
এ ছাড়া সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য গিয়াস আহমেদ ও জিল্লুর রহমান জিল্লু।
আলোচনা সভায় নিউইয়র্ক স্টেট বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
ভোরের আকাশ/জেআ