দেশের মাটিই আমার ঠিকানা, নতুনভাবে দেশ গড়তে হবে: তারেক রহমান

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশকে নতুনভাবে গড়তে হবে। তিনি বলেন, “কেউ দিল্লি চলে যায়, কেউ অল্পতেই পিন্ডি চলে যায়। কিন্তু খালেদা জিয়া কোথাও যাননি। তিনি সবসময় বলেছেন, দেশের মাটিই আমার ঠিকানা, আমি কখনো যাব না।”
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাত ৩টায় ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর বাসাইলের পৌর পার্ক সংলগ্ন এলাকায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা উপলক্ষে জেলা বিএনপির আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, কয়েকদিন আগে দেশে বেশ কয়েকবার ভূমিকম্প হয়েছে। তাদের এসব মুনাফিকির জন্য, ধোঁকাবাজির জন্য আল্লাহ আমাদের সতর্ক করেছেন। শিরকিদের, মুনাফিকদের ও ধোঁকাবাজদের হাত থেকে এই দেশের মানুষকে রক্ষা করতে হবে। যারা দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বে বিশ্বাস করে একমাত্র তারাই মানুষদের রক্ষা করতে পারবে।
তিনি বলেন, আমরা বলি ‘করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’। আগামী নির্বাচনে ধানের শীষ জিতলে বাংলাদেশ এগিয়ে যাবে। তাই সবার আগে আপনাদের ধানের শীষে ভোট দিতে হবে।
বক্তব্যের একপর্যায়ে তারেক রহমান নরসিংদীর পাঁচ সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের পরিচয় করিয়ে দেন। তার আগমন উপলক্ষে বিকেল থেকেই বিভিন্ন উপজেলা থেকে আসা নেতাকর্মীরা সভাস্থলে যোগ দেন।
নরসিংদী-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী খায়রুল কবির খোকনের সভাপতিত্বে ও নরসিংদী-৩ শিবপুর আসনের প্রার্থী মঞ্জুর এলাহীর সঞ্চালনায় বক্তব্যে দেন নরসিংদী-২ আসনের বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, নরসিংদী-৪ আসনের জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল, নরসিংদী-৫ আসনের বিএনপির তথ্য ও প্রযুক্তিবিষয়ক সহসম্পাদক মো. আশরাফ উদ্দিন বকুল, বিএনপির মুক্তিযোদ্ধাবিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন, বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরিন সুলতানা, সহ-স্বেচ্ছাসেবক-বিষয়ক সম্পাদক আবদুল কাদির ভুঁইয়া জুয়েল, সদস্য আকরামুল হাসান মিন্টু, যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাহমুদ হোসেন, যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না, ছাত্রদলের সাবেক সভাপতি কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ ও ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম প্রমুখ।
ভোরের আকাশ/এনএস