বিএনপি রাষ্ট্র পরিচালনায় থাকাকালে দুর্নীতির হার কমেছিল : মাহদী আমিন

বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও দলের নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন বলেছেন, বিগত সময়ে বিএনপি রাষ্ট্র পরিচালনায় আসার পর দুর্নীতির হার ধারাবাহিকভাবে কমেছে।
তিনি মন্তব্য করেন, কিছু দলের শীর্ষ নেতারা পুরনো মিথ্যা ও প্রতারণামূলক প্রচার চালাচ্ছেন, তবে বাস্তবে এটি প্রমাণিত যে বিএনপি দায়িত্ব গ্রহণের পর দুর্নীতি কমে এসেছে।
আজ বুধবার বিকেলে বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মাহদী আমিন এসব কথা জানান।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, ২০০১ সালে বিএনপি যখন সরকার গঠন করে তখন একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সূচকে দুর্নীতিতে বাংলাদেশের স্কোর ছিল শূন্য দশমিক চার, যা ১৯৬৩ থেকে ২০০১ সাল পর্যন্ত রাষ্ট্র সমতায় থাকা আওয়ামী লীগের দুর্নীতি প্রতিফলন। পরবর্তী সময়ে দুর্নীতির প্রতি বিএনপির জিরো টলারেন্স পলিসি এবং সুশাসনের ফলে ধারাবাহিকভাবে তা উন্নতির দিকে যেতে থাকে। সর্বশেষ বিএনপি ২০০৬ সালে রাষ্ট্র পরিচালনা থেকে চলে যাওয়ার সময় সেই স্কোর ধারাবাহিকভাবে বেড়ে দুইয়ে উন্নীত হয়।
তিনি আরো বলেন, যে রাজনৈতিক দলটি ধারাবাহিকভাবে রাষ্ট্র পরিচালনায় দুর্নীতি দমনের ক্ষেত্রে সবচেয়ে শক্তিশালী ভূমিকা রেখেছে এমনকি স্বাধীন দুর্নীতি দমন কমিশন গঠন করেছে তাদের বিরুদ্ধে দুর্নীতির বিশ্ব চ্যাম্পিয়ন বয়ান, এটি একটি পরিকল্পিত অপপ্রচার।
জামায়াথে ইসলামীকে উদ্দেশ করে মাহদী আমিন বলেন, ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত উক্ত (জামায়াত) দলটি নিজেই সরকারের অংশ ছিল। এখানে তাদের দুজন মন্ত্রী ও বেশ কয়েকজন সংসদ সদস্য ছিলেন। সরকারের থাকা অবস্থায় তখন এ বিষয়ে (দুর্নীতি) তাদের কোনো মন্তব্য শোনা যায়নি কিন্তু বর্তমানে তারা নির্বাচনী মাঠে এসে ফ্যাসিবাদী প্রোপাগান্ডার সে ধারাবাহিকতাকে ধরে রেখেছে।
এ সময় জামায়াত ইসলামীর বিরুদ্ধে ভোটারদের বিভিন্ন প্রলোভন দেওয়াসহ নির্বাচনী আচারণবিধি লঙ্ঘনের অভিযোগ তোলা হয় বিএনপির পক্ষ থেকে।
ভোরের আকাশ/এনএস