নির্বাচন পেছালে বাংলাদেশ ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে: মির্জা ফখরুল

জাতীয় সংসদ নির্বাচন পেছালে বাংলাদেশ ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার বড়গাঁও ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় সভায় এ মন্তব্য করেন তিনি।
মির্জা ফখরুল বলেন, গাড়ি পোড়াবে, দেশের সম্পদ নষ্ট করবে, দিল্লিতে বসে থেকে। শেখ হাসিনা বাংলাদেশে আসবে? তাকে দেশে আসতে দেওয়া হবে না। আওয়ামী লীগ একটি সন্ত্রাসী দল। আওয়ামী লীগকে আর এ দেশের মানুষ ক্ষমা করবে না।
হাসিনাকে উদ্দেশ করে তিনি বলেন, সাহস থাকলে জনগণের সামনে আসতে হবে। খালেদা জিয়া জেলে ছিলেন ছয় বছর। আপনি আসেন, জেলে থাকেন সাত থেকে আট বছর।
মির্জা ফখরুল বলেন, বিএনপি ক্ষমতায় এলে ১৫ মাসের মধ্যে এক কোটি বেকারের কর্মসংস্থান নিশ্চিত করা হবে। পাশাপাশি আমরা বিচার বিভাগকে সম্পূর্ণ স্বাধীন করতে চাই।
শিক্ষা খাতের সংস্কার প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে শরীরচর্চা শিক্ষক ও সংগীত শিক্ষক বাদ দেওয়া ঠিক হয়নি। এটি শিক্ষাব্যবস্থায় এক ধরনের অসম্পূর্ণতা তৈরি করছে।
এ সময় বড়গাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি আহম্মদ আলীর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলী, সাবেক সহ-সভাপতি ওরায়দুল্লাহ মাসুদ, পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরীফ, সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন তুহিন প্রমুখ।
ভোরের আকাশ/এসএইচ