ঢাকা উত্তর যুবদল ও দক্ষিণ বিএনপির নতুন কমিটি ঘোষণা

ঢাকা মহানগর উত্তর যুবদলের দুই সদস্যের আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে পুনর্গঠন করা হয়েছে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি। রোববার (৮ নভেম্বর) পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
যুবদলের ঢাকা মহানগর উত্তর শাখার নতুন কমিটিতে মিজানুর রহমান রাজকে আহ্বায়ক এবং শরিফুল ইসলাম মিলনকে সদস্যসচিব করা হয়েছে।
রোববার বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আপাতত দুই সদস্যের আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। পরবর্তী সময়ে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণা করা হবে।
অন্যদিকে, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটিও পুনর্গঠন করা হয়েছে। নতুন কমিটিতে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালামকে আহ্বায়ক এবং তানভীর আহমেদ রবিনকে সদস্যসচিবের দায়িত্ব দেওয়া হয়েছে।
এ ছাড়া আব্দুল কাদির ভূঁইয়া জুয়েলকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং আ ন ম সাইফুল ইসলামকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে।
রোববার বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন কমিটির মাধ্যমে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হবে।
প্রসঙ্গত, সদ্য বিলুপ্ত ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটিতে রফিকুল ইসলাম মজনু আহ্বায়ক এবং তানভীর আহমেদ রবিন সদস্যসচিবের দায়িত্ব পালন করেন।
ভোরের আকাশ/জেআ