ঝাল-টক স্বাদের ‘পাগলা পানি’ তৈরির সহজ রেসিপি

গরমে তৃষ্ণা মেটাতে ঠান্ডা পানীয়ের বিকল্প খোঁজেন অনেকেই। তবে সাধারণ লেবুর শরবত বা কোমল পানীয়ের বাইরে নতুন স্বাদের খোঁজে সামাজিক যোগাযোগমাধ্যমে নজর কাড়ছে তেঁতুলের মসলা সোডা। ‘ইমলি মসলা সোডা’ বা ‘পাগলা পানি’ নামে পরিচিত এই পানীয়তে রয়েছে টক, ঝাল, নোনতা ও মিষ্টি স্বাদের মজার সমন্বয়।
ভারতীয় খাবার ও পানীয়ভিত্তিক বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট ও রিলসে তেঁতুলের এই পানীয় তৈরির পদ্ধতি ছড়িয়ে পড়েছে। কোথাও তেঁতুলের মিশ্রণের সঙ্গে পুদিনা ও কাঁচামরিচ ব্যবহার করা হচ্ছে, আবার কোথাও চাট মসলা, বিট লবণ ও লেবুর রস দিয়ে তৈরি করা হচ্ছে ভিন্ন স্বাদের সোডা।
যেভাবে তৈরি করবেন পাগলা পানি
বাড়িতেই সহজে তৈরি করা যায় এই পানীয়। এজন্য প্রয়োজন হবে তেঁতুলের ক্বাথ বা পেস্ট, ঠান্ডা সোডা, পুদিনাপাতা, কাঁচামরিচ, লেবুর রস, বিট লবণ, চাট মসলা, সামান্য চিনি ও বরফ।
প্রথমে তেঁতুল পানিতে ভিজিয়ে ভালোভাবে ক্বাথ তৈরি করে নিতে হবে। এরপর এতে পুদিনাপাতা, কাঁচামরিচ, লেবুর রস, বিট লবণ, চাট মসলা ও স্বাদ অনুযায়ী সামান্য চিনি মিশিয়ে নিতে হবে। চাইলে মিশ্রণটি ব্লেন্ডারে হালকা ব্লেন্ড করে ছেঁকে নেওয়া যায়।
এবার একটি গ্লাসে বরফ দিয়ে তেঁতুলের মিশ্রণ ঢেলে ওপর থেকে ঠান্ডা সোডা যোগ করতে হবে। হালকাভাবে নেড়ে পরিবেশন করলেই তৈরি হয়ে যাবে টক-ঝাল স্বাদের ‘পাগলা পানি’। ঝালের মাত্রা বাড়াতে চাইলে কাঁচামরিচের পরিমাণ বাড়ানো যেতে পারে।
কেন আলাদা এই পানীয়
সাধারণ ফলের শরবতের তুলনায় এই পানীয়ের বিশেষত্ব হলো স্বাদের বৈচিত্র্য। তেঁতুলের টক স্বাদের সঙ্গে পুদিনার সতেজতা, মসলার ঝাঁজ ও সোডার বুদ্বুদ মিলে তৈরি করে ভিন্ন ধরনের স্বাদ। ঝাল ও টক খাবার পছন্দ করেন, তাঁদের কাছে পানীয়টি আকর্ষণীয় হতে পারে।
তবে সোডা ও চিনি ব্যবহারের কারণে এটি নিয়মিত স্বাস্থ্যকর পানীয়ের বিকল্প নয়। অতিরিক্ত চিনি এড়িয়ে এবং পরিমিত উপকরণ ব্যবহার করে তৈরি করাই ভালো।
ভোরের আকাশ/জেআ