নিয়মিত সাইকেল চালানোর ৫টি দারুণ উপকারিতা

আধুনিক ব্যস্ততার যুগে শরীরচর্চার জন্য আলাদা সময় বের করা অনেকের পক্ষেই কঠিন হয়ে দাঁড়ায়। কিন্তু প্রতিদিনের রুটিনে যদি যাতায়াত বা অবসরে সামান্য কিছু সময় সাইকেল চালানোর অভ্যাস করা যায়, তবে জিম বা কঠোর এক্সারসাইজ ছাড়াই মিলবে দারুণ সব স্বাস্থ্যগত সুফল। চিকিৎসকদের মতে, নিয়মিত সাইকেল চালানো সামগ্রিক সুস্থতার জন্য অত্যন্ত কার্যকরী।
১. হৃদ্যন্ত্র ও ফুসফুসের কার্যক্ষমতা বৃদ্ধি
সাইকেল চালানো একটি চমৎকার কার্ডিওভাসকুলার বা এয়ারোবিক ব্যায়াম। এটি নিয়মিত করলে হার্ট বা হৃদ্যন্ত্রের রক্ত পাম্প করার ক্ষমতা বাড়ে এবং রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে। এর ফলে হৃদরোগের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমে। পাশাপাশি, সাইকেল চালানোর সময় গভীর দীর্ঘশ্বাসের কারণে ফুসফুসের অক্সিজেন গ্রহণ করার ক্ষমতাও বৃদ্ধি পায়।
২. ওজন নিয়ন্ত্রণে ও চর্বি গলাতে সাহায্য করে
অতিরিক্ত ওজন কমাতে সাইকেল চালানো অত্যন্ত কার্যকর। একটানা সাইকেল চালালে শরীরের ক্যালোরি দ্রুত পোড়ে এবং মেটাবলিজম রেট বা বিপাক ক্রিয়া উন্নত হয়। এটি পেটের চর্বি কমাতে এবং শরীরের নিচের অংশ তথা থাই, পা ও নিতম্বের পেশিগুলোকে শক্ত ও সুগঠিত করতে দারুণ ভূমিকা রাখে।
৩. পেশি ও হাড়ের শক্তি বৃদ্ধি
সাইকেল চালানোর সময় শরীরের নিম্নাংশের প্রায় সবকটি বড় পেশি (যেমন—কোডিসেপস, হ্যামস্ট্রিং এবং কাফ মাসল) সক্রিয় থাকে। এটি পায়ের পেশিকে শক্তিশালী করে। পাশাপাশি, রানিংয়ের মতো ব্যায়ামে হাঁটুতে যে তীব্র চাপ পড়ে, সাইকেলে তার চেয়ে অনেক কম চাপ পড়ে। ফলে জয়েন্ট বা গিঁটের ওপর অতিরিক্ত চাপ না দিয়েই হাড়ের শক্তি ও স্থায়িত্ব বাড়ানো সম্ভব হয়।
৪. মানসিক চাপ ও উদ্বেগ হ্রাস
শারীরিক ফিটনেসের পাশাপাশি মানসিক স্বাস্থ্যের জন্যও সাইকেল চালানো এক মহৌষধ। সাইকেল চালানোর সময় মস্তিষ্কে ‘এন্ডোরফিন’ ও ‘সেরোটোনিন’-এর মতো ভালো লাগার হরমোন নিসরণ বাড়ে, যা মনকে ফুরফুরে রাখে। এটি মানসিক দুশ্চিন্তা, উদ্বেগ এবং বিষণ্ণতা দূর করতে সাহায্য করে।
৫. রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে
নিয়মিত সাইকেল চালানোর ফলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউন সিস্টেম শক্তিশালী হয়। এটি শ্বেত রক্তকণিকার সক্রিয়তা বাড়িয়ে শরীরকে বিভিন্ন সাধারণ সংক্রমণ ও অসুস্থতার বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে। এছাড়া রাতে ভালো ঘুম হতেও এটি দারুণ সাহায্য করে।
পরামর্শ: রাস্তায় সাইকেল চালানোর সময় ট্রাফিক আইন মেনে চলা এবং নিরাপত্তার জন্য হেলমেট ব্যবহার করা অত্যন্ত জরুরি।
ভোরের আকাশ/জেআ