কন্টাক্ট লেন্স ব্যবহারে যে ভুলগুলো এড়ানো জরুরি

চশমার ঝামেলা এড়াতে অনেকেই ব্যবহার করেন কন্টাক্ট লেন্স। কিন্তু সামান্য অসতর্কতাই চোখে সংক্রমণ, অস্বস্তি এমনকি স্থায়ী ক্ষতির কারণ হতে পারে। তাই নিয়ম মেনে লেন্স ব্যবহার যেমন জরুরি, তেমনি কিছু সাধারণ ভুল থেকে বিরত থাকাও অত্যন্ত প্রয়োজন।
যে ভুলগুলো এড়াতে হবে
১. সময়সীমা না মানা
প্রতিটি লেন্সের নির্দিষ্ট ব্যবহারকাল আছে—দৈনিক, সাপ্তাহিক বা মাসিক। নির্ধারিত সময় পার হয়ে গেলে চোখে জীবাণু জমতে পারে, আঘাত লাগতে পারে। তাই সময়সীমা অবশ্যই মেনে চলতে হবে।
২. লেন্স পরে ঘুমানো
রাতে লেন্স পরে ঘুমালে চোখে অক্সিজেন প্রবাহ কমে যায়, ফলে মারাত্মক সংক্রমণের ঝুঁকি তৈরি হয়।
৩. ভুলভাবে পরিষ্কার করা
টিউবওয়েলের পানি বা মেয়াদোত্তীর্ণ সল্যুশন দিয়ে লেন্স পরিষ্কার করা অত্যন্ত বিপজ্জনক। এতে ক্ষতিকর জীবাণু চোখে প্রবেশ করতে পারে।
৪. হাত না ধুয়ে ব্যবহার
লেন্স পরার আগে হাত সাবান দিয়ে ভালোভাবে ধুয়ে শুকিয়ে নিতে হবে। না হলে হাতের জীবাণু সরাসরি চোখে ঢুকে যেতে পারে।
৫. লেন্স কেস পরিষ্কার না রাখা
পুরোনো সল্যুশন জমিয়ে রাখা উচিত নয়। কেস তিন মাস পরপর বদলাতে হবে এবং প্রতিবার ব্যবহারের পর শুকিয়ে রাখতে হবে।
৬. কমদামি সল্যুশন ব্যবহার
সব সল্যুশন সমান নয়। মানহীন সল্যুশনে জীবাণু ধ্বংস হয় না, বরং সংক্রমণের ঝুঁকি বাড়ে। তাই সস্তা সল্যুশনের পরিবর্তে মানসম্মত সল্যুশন ব্যবহার করতে হবে।
৭. যত্রতত্র লেন্স ব্যবহার
শুষ্ক আবহাওয়া, গরম পরিবেশ, সাঁতার বা গোসলের সময় লেন্স ব্যবহার এড়িয়ে চলা উচিত। এ সময় সহজেই জীবাণু চোখে ঢুকে যেতে পারে।
সঠিকভাবে লেন্স ব্যবহার করলে ঝুঁকি ছাড়াই চশমার বিকল্প হিসেবে এর সব সুবিধা উপভোগ করা যায়। তাই সচেতন হোন, নিয়ম মেনে চলুন—চোখ থাকুক সুস্থ ও নিরাপদ।
ভোরের আকাশ/হ.র